লোকসান কাটিয়ে উঠছে বিডি ল্যাম্পস

সংগৃহীত ছবি
শেয়ারবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ ল্যাম্পসের (বিডি ল্যাম্পস) চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে (জুলাই ২০২৫-মার্চ ২০২৬) লোকসান উল্লেখযোগ্যভাবে কমেছে। ওই সময়ে কোম্পানিটির লোকসান কমেছে প্রায় ৮৫ শতাংশ।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার সংশ্লিষ্টদের মতে, লোকসান উল্লেখযোগ্যভাবে কমে আসা এবং তৃতীয় প্রান্তিকে মুনাফায় ফেরা কোম্পানিটির আর্থিক অবস্থার উন্নতির ইতিবাচক ইঙ্গিত দিচ্ছে।
জানা গেছে, আলোচ্য ৯ মাসে বিডি ল্যাম্পসের শেয়ারপ্রতি লোকসান দাঁড়িয়েছে (০.৮৩) টাকায়। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান ছিল (৫.৪৬) টাকা। ফলে শেয়ারপ্রতি লোকসান কমেছে ৪.৬৩ টাকা, যা শতাংশের হিসাবে প্রায় ৮৫ শতাংশ।
এদিকে চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি–মার্চ ২০২৫) কোম্পানিটির মুনাফা বেড়েছে। এ সময়ে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.২৬ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ০.১১ টাকা। ফলে প্রান্তিকভিত্তিক শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ০.১৫ টাকা, অর্থাৎ ১৩৬ শতাংশ।
অন্যদিকে, ২০২৬ সালের ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৬.৮৪ টাকায়।
শেয়ারবাজারের এই কোম্পানিটি ২০২৩-২৪ অর্থবছর থেকে লোকসানে রয়েছে। ওই অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি ১৩.৪০ টাকা করে মোট ১৩ কোটি ১৩ কোটি ৪৪ লাখ টাকার লোকসান হয়েছিল। এরপরে ২০২৪-২৫ অর্থবছরে শেয়ারপ্রতি ৬.২২ টাকা করে ৬ কোটি ৫৫ লাখ টাকা লোকসান হয়।
কোম্পানিটির এই লোকসান চলতি অর্থবছরের ১ম প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর ২০২৫) পর্যন্ত চলমান ছিল। এরপরে ২য় (অক্টোবর-ডিসেম্বর ২০২৫) ও ৩য় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ ২০২৬) মুনাফা অর্জন হয়েছে। তবে সেটা ১ম প্রান্তিকের লোকসানের থেকে কম। যাতে ৯ মাসের মোট হিসাবে কোম্পানিটি এখনো শেয়ারপ্রতি ০.৮৩ টাকা লোকসানে রয়েছে।



