করপোরেট অফিসের জন্য ভবন নির্মাণ করবে ওয়ালটন

সংগৃহীত ছবি
শেয়ারবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি তালিকাভুক্ত ওয়ালটন হাই টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী কোম্পানি নিজস্ব কর্পোরেট অফিস ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে রাজধানীর ভাটারা থানাধীন বসুন্ধরা রেসিডেন্সিয়াল এলাকায় অবস্থিত প্লট নং–১০৮৮, রোড–সাবরিনা সোবহান ফিফথ অ্যাভিনিউ, ব্লক–আই, বসুন্ধরা আর/এ, ঢাকা–১২২৯-এ করপোরেট অফিস ভবন নির্মাণ করা হবে।
আজ সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসই জানিয়েছে, ভবন নির্মাণ কার্যক্রম সুষ্ঠু ও পেশাদারভাবে সম্পন্ন করতে কোম্পানি ইতোমধ্যে অভিজ্ঞ পরামর্শক নিয়োগ দিয়েছে। এসব পরামর্শক প্রতিষ্ঠান ভবনটির স্থাপত্য, কাঠামোগত এবং যান্ত্রিক, বৈদ্যুতিক ও প্লাম্বিং (এমইপি) সংক্রান্ত পূর্ণাঙ্গ সেবা প্রদান করবে।
কোম্পানি কর্তৃপক্ষের মতে, নিজস্ব কর্পোরেট অফিস ভবন নির্মাণের ফলে কোম্পানির প্রশাসনিক কার্যক্রম আরও কার্যকর ও সুসংহত হবে এবং দীর্ঘমেয়াদে পরিচালন ব্যয় হ্রাস পাবে।
এই তথ্য বিনিয়োগকারীদের অবগতির জন্য প্রকাশ করা হয়েছে।
প্রসঙ্গত, ওয়ালটন হাই টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি শেয়ারবাজারে তালিকাভুক্ত হয় ২০২০ সালে। ‘এ’ ক্যাটাগরির এ কোম্পানিটির পরিশোধিত মূলধন ৩৩৩ কোটি ২২ লাখ ১০ হাজার টাকা। সে হিসাবে কোম্পানিটির শেয়ার সংখ্যা ৩৩ কোটি ৩২ রাখ ২১ হাজার ১৭৭টি। সর্বশেষ ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত কোম্পানিটির উদ্যোক্তা পরিচালকদের হাতে ৬৭.০৯ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ০.৮৬ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের হাতে ০.০৩ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৩২.০২ শতাংশ শেয়ার রয়েছে।



