বিশ্ববাজারে সোনার দামে ৪৩ বছরের রেকর্ড পতন

সংগৃহীত ছবি
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা এবং বিশ্বজুড়ে সুদের হার বাড়ার আশঙ্কায় বিশ্ববাজারে সোনার দামে বড় ধরনের ধস নেমেছে। সোমবার (২৩ মার্চ) একদিনেই ৫ শতাংশের বেশি কমে সোনার দাম ২০২৬ সালের সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে।
এর আগে গত সপ্তাহে সোনার বাজার ৪৩ বছরের মধ্যে সবচেয়ে খারাপ পরিস্থিতির মুখোমুখি হয়।
বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, সোমবার আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম ৫ দশমিক ৮ শতাংশ কমে প্রতি আউন্স ৪২২৬ দশমিক ১৬ ডলারে নেমে আসে, যা গত বছরের ১১ ডিসেম্বরের পর সর্বনিম্ন। টানা ৯ কার্যদিবস ধরে দরপতন অব্যাহত রয়েছে।
গত সপ্তাহে সোনার দাম ১০ শতাংশের বেশি কমেছে, যা ১৯৮৩ সালের ফেব্রুয়ারির পর সবচেয়ে বড় সাপ্তাহিক পতন। চলতি বছরের ২৯ জানুয়ারি সর্বকালের সর্বোচ্চ ৫৫৯৪ দশমিক ৮২ ডলার স্পর্শ করার পর মাত্র দুই মাসেই সোনার দাম ২০ শতাংশের বেশি কমে গেছে।
বিশ্লেষকদের মতে, ইরান সংকট দীর্ঘায়িত হওয়া এবং তেলের দাম ১০০ ডলারের ওপরে অবস্থান করায় বৈশ্বিক মূল্যস্ফীতি বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এতে কেন্দ্রীয় ব্যাংকগুলো সুদের হার কমানোর পরিবর্তে বাড়াতে পারে—এমন ধারণা বিনিয়োগকারীদের মধ্যে জোরালো হচ্ছে। ফলে নিরাপদ বিনিয়োগ হিসেবে পরিচিত সোনার চাহিদা কমছে।
সোনার পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুতেও বড় পতন হয়েছে। স্পট সিলভার, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দামও উল্লেখযোগ্য হারে কমেছে। সোমবার স্পট সিলভারের দাম ৮ দশমিক ৯ শতাংশ কমে ৬১ দশমিক ৭৬ ডলারে নেমেছে। প্লাটিনাম ৯ শতাংশ কমে ১ হাজার ৭৪৯ দশমিক ৩১ ডলার এবং প্যালাডিয়াম ৫ দশমিক ২ শতাংশ কমে ১ হাজার ৩৩০ দশমিক ৫০ ডলারে দাঁড়িয়েছে। সূত্র: রয়টার্স।

