এসএসসি পরীক্ষা শুরু কাল, মানতে হবে যেসব নির্দেশনা

ফাইল ছবি
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল মঙ্গলবার। এবারের পরীক্ষা শুরু হতে যাচ্ছে বাংলা প্রথম পত্র দিয়ে।
প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হবে পরীক্ষা। প্রকাশিত সূচি অনুযায়ী, তাত্ত্বিক পরীক্ষা চলবে ২০ মে পর্যন্ত। তারপর ৭ থেকে ১৪ জুন পর্যন্ত চলবে ব্যবহারিক পরীক্ষা।
ইতোমধ্যে পরীক্ষার সময়সূচি প্রকাশের পাশাপাশি পরীক্ষার্থীদের জন্য ১৪টি বিশেষ নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। নির্দেশনাগুলো হলো—
১. পরীক্ষা শুরুর ৩০ (ত্রিশ) মিনিট আগে অবশ্যই পরীক্ষাকক্ষে আসন গ্রহণ করতে হবে পরীক্ষার্থীদের।
২. পরীক্ষা গ্রহণ করতে হবে প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী।
৩. প্রথমে বহুনির্বাচনি ও পরে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং উভয় পরীক্ষার মধ্যে থাকবে না কোনো বিরতি।
৪. পরীক্ষার্থীরা তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠানপ্রধানের কাছ থেকে সংগ্রহ করবে পরীক্ষা শুরুর অন্তত সাত দিন আগে।
৫. শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা এবং ক্যারিয়ার শিক্ষা বিষয়গুলোর জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের নির্দেশনা অনুসারে ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে প্রাপ্ত নম্বর সংশ্লিষ্ট কেন্দ্রকে সরবরাহ করবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। সংশ্লিষ্ট কেন্দ্র ব্যবহারিক পরীক্ষার নম্বরের সঙ্গে ধারাবাহিক মূল্যায়নে প্রাপ্ত নম্বর বোর্ডের ওয়েবসাইটে অনলাইনে প্রেরণ করবে।
৬. নিজ নিজ উত্তরপত্রের ওএমআর ফরমে পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করবে পরীক্ষার্থীরা। কোনো অবস্থাতেই ভাঁজ করা যাবে না উত্তরপত্র।
৭. সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়), বহুনির্বাচনি ও ব্যবহারিক অংশে পৃথকভাবে পাস করতে হবে পরীক্ষার্থীকে।
৮. কেবল নিবন্ধনপত্রে বর্ণিত বিষয়/বিষয়গুলোর পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে পরীক্ষার্থী। কোনো অবস্থাতেই দেওয়া যাবে না ভিন্ন বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করার অনুমতি।
৯. পরীক্ষা শুরুর অন্তত সাত দিন আগে পরীক্ষার্থীদের মধ্যে প্রবেশপত্র বিতরণ নিশ্চিত করতে হবে। এ বিষয়ে কোনো জটিলতা তৈরি হলে দায়ী থাকবেন প্রতিষ্ঠানপ্রধান।
১০. পরীক্ষায় শিক্ষা বোর্ড অনুমোদিত ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে পরীক্ষার্থীরা।
১১. কেন্দ্র সচিব ছাড়া অন্য কোনো ব্যক্তি/পরীক্ষার্থী পরীক্ষাকেন্দ্রে আনতে বা ব্যবহার করতে পারবে না মোবাইল ফোন।
১২. সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়), বহুনির্বাচনি ও ব্যবহারিক পরীক্ষায় পরীক্ষার্থীর উপস্থিতির জন্য একই উপস্থিতিপত্র ব্যবহার করতে হবে।
১৩. ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে নিজ নিজ কেন্দ্রে।
১৪. পরীক্ষার ফলাফল প্রকাশের ৭ (সাত) দিনের মধ্যে পুনর্নিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন করতে হবে। এ বিষয়ে দৈনিক পত্রিকা ও শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে আবেদন প্রক্রিয়া, তারিখ ও সময় জানিয়ে দেওয়া হবে।



