জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি পরীক্ষায় পাসের হার ৮০.৩৬ শতাংশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। রবিবার (৩ মে) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ এ ফল প্রকাশ করেন।
ভর্তি পরীক্ষায় পাসের হার ৮০.৩৬ শতাংশ। এবার ভর্তি পরীক্ষায় অংশ নেয় ৪ লাখ ৫৩ হাজার ১৪৮ জন শিক্ষার্থী। এর মধ্যে পাস করেছে ৩ লাখ ৬৪ হাজার ১৩৫ জন। ভর্তি পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীদের মধ্যে প্রথম মেধা তালিকায় স্থান পেয়েছে ২ লাখ ২৯ হাজার ৭৬৫ জন।
প্রথম মেধা তালিকায় মানবিক বিভাগের শিক্ষার্থী ১ লাখ ১৩ হাজার ৩৯৪ জন। বিজ্ঞান বিভাগের ৬৫ হাজার ৩৩৭ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগের রয়েছে ৫১ হাজার ৩৪ জন শিক্ষার্থী। গত ২৫ এপ্রিল শনিবার ভর্তি পরীক্ষা অনুষ্ঠানের এক সপ্তাহের মধ্যে এই ফল প্রকাশ করা হলো।
এসএমএসের মাধ্যমে ফল পেতে nu<space>athn<space>Aplication ID টাইপ করে 16222 নম্বরে send করতে হবে। অথবা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটের Honour’s Tab-এ গিয়ে Admission Test Result অপশনে যেতে হবে।
এ ছাড়া ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) এর Prospectus (Honours)/Important Notice অপশন থেকে পাওয়া যাবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।



