আগামীর সময়

ডাকসুর উদ্যোগ

আধুনিক জিম পাচ্ছেন ঢাবি ছাত্রীরা, সংস্কার হচ্ছে কেন্দ্রীয় মাঠ

আধুনিক জিম পাচ্ছেন ঢাবি ছাত্রীরা, সংস্কার হচ্ছে কেন্দ্রীয় মাঠ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া অবকাঠামো উন্নয়নে নানা উদ্যোগ নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। এর অংশ হিসেবে নারী শিক্ষার্থীদের জন্য আধুনিক জিমনেসিয়াম স্থাপন, কেন্দ্রীয় খেলার মাঠ সংস্কার, ইনডোর সুবিধা উন্নয়ন এবং নিরাপত্তা জোরদারের পদক্ষেপ নেওয়া হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রের মসজিদ উদ্বোধন ও চলমান সংস্কার কার্যক্রম পরিদর্শন করেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। পরিদর্শন শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন ডাকসু নেতারা।

এ সময় উপস্থিত ছিলেন ডাকসুর ক্রীড়া সম্পাদক আরমান হোসেন ও ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক মাজহারুল ইসলাম।

প্রেস ব্রিফিংয়ে ভিপি সাদিক কায়েম বলেছেন, গত পাঁচ মাসে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের জন্য কাজ করা হয়েছে। এর মধ্যে বেশ কয়েকটি উদ্যোগ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং কিছু কাজ বাস্তবায়নের পথে রয়েছে।

‘আমরা কথার চেয়ে কাজে বিশ্বাসী। ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও উন্নত একটি ক্যাম্পাস রেখে যেতে চাই’, যোগ করেন ডাকসু ভিপি।

ছাত্রীদের আধুনিক জিমনেসিয়ামের কাজের অগ্রগতি তুলে ধরে ভিপি জানিয়েছেন, দীর্ঘদিনের দাবি অনুযায়ী নারী শিক্ষার্থীদের জন্য আলাদা জিমনেসিয়াম স্থাপনের কাজ প্রায় শেষ পর্যায়ে। আমান গ্রুপের সহায়তায় প্রায় ৬০ লাখ টাকার এই প্রকল্প শিগগিরই চালু করা হবে।

‘একই সঙ্গে কেন্দ্রীয় খেলার মাঠ সংস্কারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছ থেকে প্রায় ২ কোটি টাকার অর্থায়ন পাওয়া গেছে’, প্রশাসনিক প্রক্রিয়া শেষ হলে দ্রুত সংস্কারকাজ শুরু হবে বলে জানিয়েছেন তিনি।

ডাকসুর ক্রীড়া সম্পাদক আরমান হোসেন বলেছেন, শারীরিক শিক্ষা কেন্দ্রের নামাজের স্থানটি আগে বর্ষাকালে পানিতে তলিয়ে যেত। পর্যাপ্ত সুযোগ–সুবিধাও ছিল না। এখন সেটি সংস্কার করে টাইলস বসানো হয়েছে। শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থাও যুক্ত করা হচ্ছে। বর্তমানে সেখানে নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা হচ্ছে। পবিত্র রমজান উপলক্ষে তারাবির নামাজও অনুষ্ঠিত হচ্ছে।

নির্মাণাধীন আধুনিক জিমনেসিয়াম প্রসঙ্গ উল্লেখ করে আরমান হোসেন জানিয়েছেন, ‘নির্ধারিত সময়সূচি অনুযায়ী ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক ব্যবস্থাপনায় সারাদিন জিম ব্যবহার করতে পারবেন। জিমে ইতোমধ্যে এসি স্থাপন করা হয়েছে। প্রয়োজনীয় জিম সরঞ্জাম বসানো হলে এটি আনুষ্ঠানিকভাবে চালু করা হবে’।

প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে স্মারক জমা দেওয়ার পর বিষয়টি অগ্রগতি পেয়েছে। আগামী তিন মাসের মধ্যে বিভিন্ন খেলা শুরু হবে বলেও ব্রিফিংয়ে জানানো হয়।

এসব উদ্যোগ বাস্তবায়িত হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে নতুন গতি আসবে এবং শিক্ষার্থীদের অংশগ্রহণমূলক ক্রীড়া সংস্কৃতি আরও বিস্তৃত হবে বলে আশা প্রকাশ করেছেন ডাকসু নেতারা।

    শেয়ার করুন: