কিং নাকি কিং মেকার, কী হবেন থালাপতি?

থালাপতি বিজয়
তামিলনাড়ুর বিধানসভা নির্বাচন ঘিরে এবার আলোচনায় রয়েছেন দক্ষিণী অভিনেতা থালাপতি বিজয়। রাজনীতিতে প্রথমবার অংশ নিয়েই বুথফেরত জরিপে ভালো ফলের ইঙ্গিত দিয়েছেন তিনি, যা রাজ্যের রাজনীতিতে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে।
নিজের দল ‘তামিলাগা ভেট্টি কাজাগাম’ নিয়ে নির্বাচনে অংশ নেন বিজয়। তার প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন বর্তমান মুখ্যমন্ত্রী এম কে স্টালিন। তবে নির্বাচনের আগেই বিজয়ের জনসভায় বিপুল সমর্থকের উপস্থিতি রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করে।
বিভিন্ন বুথফেরত জরিপে বলা হচ্ছে, প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই বিজয়ের দল পেতে পারে প্রায় ৯৮-১২০টি আসন। অনেক জায়গায় তার প্রতীকে বিপুল ভোট পড়েছে। যদি এই পূর্বাভাস সত্যি হয়, তাহলে তামিলনাড়ুর রাজনীতিতে বড় পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
তবে সব জরিপ এক কথা বলছে না। কিছু সংস্থার মতে, ডিএমকে জোট ১২০-১৪৫টি আসন পেয়ে এগিয়ে থাকতে পারে। অন্যদিকে এআইএডিএমকে জোট পেতে পারে ৬০-৮০টি আসন। আবার কিছু জরিপে বিজয়ের দলকে কম আসনও দেওয়া হয়েছে।
এর মধ্যে কিছু জরিপ, যেমন কামাখ্যা অ্যানালিটিকস, বিজয়কে ‘কিংমেকার’ হিসেবেও দেখছে। তাদের মতে, ৬৭-৮১টি আসন পেলেও সরকার গঠনে বড় ভূমিকা রাখতে পারে তার দল।
উল্লেখ্য, গত ২৩ এপ্রিল তামিলনাড়ুর ২৩৪টি আসনে ভোট হয়েছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ভোটার উপস্থিতি ছিল ৮২ শতাংশের বেশি, যা এই নির্বাচনে মানুষের আগ্রহই প্রকাশ করে।



