সবুজ শেরওয়ানিতে শাহরুখের বাদশাহী সালাম

শাহরুখ খান
ঈদের সকালে মান্নতের বারান্দায় কিং খানের দেখা পাওয়ার জন্য যেমন ভক্তরা চাতক পাখির মতো চেয়ে থাকেন, তেমনই তার সোশ্যাল মিডিয়া পোস্টের অপেক্ষাতেও থাকে পুরো বিশ্বের ভক্তরা। এবারও তার ব্যতিক্রম হলো না। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশ-বিদেশের কোটি কোটি ভক্তকে শুভেচ্ছা জানালেন বলিউড মেগাস্টার শাহরুখ খান।
ইনস্টাগ্রামে নিজের একটি রাজকীয় ছবি শেয়ার করে শাহরুখ লিখেছেন, ‘আপনাদের এবং আপনাদের পরিবারকে জানাই ঈদ মোবারক। সবার জীবনে ভালোবাসা আর আলো আসুক। আমরা যা চাই, সৃষ্টিকর্তা যেন তার চেয়েও বেশি আমাদের দান করেন।’ ছবিতে শাহরুখের সেই চিরচেনা হাসি আর সবুজ শেরওয়ানির আভিজাত্য দেখে কমেন্ট বক্স শুভেচ্ছায় ভাসিয়ে দিয়েছেন নেটিজেনরা।
তবে কেবল ঈদ নয়, শাহরুখ ভক্তদের জন্য আরও বড় খবর হলো তার আসন্ন সিনেমা ‘কিং’। চলতি বছরের শেষে অর্থাৎ বড়দিন উপলক্ষে ২৪ ডিসেম্বর মুক্তি পাবে এই সিনেমা। ‘পাঠান’ বা ‘জওয়ান’ এর চেয়েও বিধ্বংসী এক রুপে এখানে দেখা যাবে তাকে। প্রোমো ভিডিওতে শাহরুখের সংলাপ ‘১০০ দেশে বদনাম, দুনিয়া দিয়েছে শুধু একটাই নাম... কিং!’ ইতিমধ্যেই টক অব দ্য টাউন।
গত বছর নিজের ৬০তম জন্মদিনে ‘কিং’ এর প্রথম ঝলক শেয়ার করেছিলেন শাহরুখ। সেখানে তাকে একজন নিষ্ঠুর ঘাতক হিসেবে দেখা গেছে, যে কয়জনকে খুন করেছে তার হিসাবও ভুলে গেছে। সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় এই ডার্ক থ্রিলারটি বক্স অফিসে নতুন কোনো ইতিহাস লেখে কি না, এখন সেটাই দেখার বিষয়।
আপাতত প্রিয় তারকার ঈদ শুভেচ্ছায় মজে আছেন ভক্তরা। শাহরুখের এই ‘লাভ অ্যান্ড লাইট’ বার্তা যেন ঈদের আনন্দকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে।
সুত্রঃ নিউজ ১৮

