‘নারীর সাফল্যের পেছনে পুরুষের হাত খোঁজা একটি সামাজিক ব্যাধি’

সালমান খানের হাত ধরে বলিউডে আসেন ডেইজি শাহ। ‘জয় হো’ ছবিতে সালমানের সঙ্গে স্ক্রিন শেয়ার করে তিনি রাতারাতি আলোচনায় উঠে এসেছিলেন। সেই শুরুর পর থেকেই একটি প্রশ্ন তাড়া করে বেড়াচ্ছে তাকে তার সাফল্যের সবটুকুই কি সালমানের অবদান? দীর্ঘ নীরবতা ভেঙে এবার সেই সমালোচকদের জবাব দিলেন এই অভিনেত্রী।
এক সাক্ষাৎকারে ডেইজি তার ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবন নিয়ে সোজাসাপ্টা কথা বলেছেন। সালমানের সাহায্য প্রসঙ্গে ডেইজি বলছেন, সলমান যদি আমাকে সাহায্য করে থাকেন, তাতে প্রশ্নের কী আছে?
অভিনেত্রীর মতে, ‘কোনো নারী সফল হলেই তার পেছনে প্রভাবশালী কোনো পুরুষের হাত খোঁজা সমাজের একটি দীর্ঘদিনের ব্যাধি। তার ভাষ্য, ‘অনেকেই মনে করেন, কোনো নারী যদি বড় কিছু অর্জন করেন, তবে তার পেছনে নিশ্চয়ই কোনো প্রভাবশালী ব্যক্তির হাত রয়েছে। এই ধারণাটা আসলে সমাজের দৃষ্টিভঙ্গির সমস্যা।’
ইন্ডাস্ট্রিতে একে অপরকে সাহায্য করা খুবই স্বাভাবিক একটি প্রক্রিয়া উল্লেখ করে বলিউডের এই অভিনেত্রী বলছেন, ‘শুধু কারও সাহায্যের ওপর ভিত্তি করে একজনের সাফল্যকে বিচার করা ঠিক নয়। সালমান তাকে বড় পর্দায় সুযোগ করে দিলেও নিজের মেধা ও পরিশ্রম দিয়েই তাকে টিকে থাকতে হয়েছে।’
ছবিটি মুক্তির সময় ভারতের রাজনৈতিক পরিস্থিতি প্রচারণায় নেতিবাচক প্রভাব ফেলেছিল। দর্শক ভুলবশত মনে করেছিল সিনেমাটির সঙ্গে কোনো রাজনৈতিক পক্ষপাত জড়িত আছে, যা সত্য ছিল না। এমনকি ‘পেইড পিআর’-এর মাধ্যমে সুপরিকল্পিতভাবে ছবিটিকে নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়েছিল বলেও দাবি করেন তিনি।



