৯৫ বছর বয়সে প্রয়াত ‘সারাঙ্গা’ অভিনেতা সুদেশ কুমার

সুদেশ কুমার
গত ২০ এপ্রিল সুদেশ কুমার আক্রান্ত হন ব্রেনস্ট্রোকে। এরপর তাকে ভর্তি করা হয় হাসপাতালে। ৩০ এপ্রিল পর্যন্ত তিনি হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন। শারীরিক অবস্থার সামান্য উন্নতি হলে গত সপ্তাহে তাকে বাড়িতে নিয়ে আসা হয়েছিল এবং সেখানে একটি আইসিইউ সেটআপ তৈরি করে চিকিৎসা চলছিল— তবে শেষ রক্ষা হয়নি। ১ মে ইহলোক ত্যাগ করেন তিনি।
১৯৩১ সালের ১৭ মার্চ জন্মগ্রহণ করা সুদেশ কুমারের বাবা চেয়েছিলেন ছেলে ডাক্তার হোক। বাবার ইচ্ছায় তিনি এলফিনস্টোন কলেজ থেকে বিজ্ঞানে অর্জন করেন ডিগ্রি। তবে অভিনয়ের প্রতি অদম্য টান তাকে নিয়ে আসে গ্ল্যামার জগতে। তিনি কিংবদন্তি পৃথ্বীরাজ কাপুরের থিয়েটার গ্রুপে যোগ দিয়ে তার অভিনয়জীবন শুরু করেন।
সুদেশ কুমার বেশি জনপ্রিয়তা পান রোমান্টিক ট্র্যাজেডি ফিল্ম ‘সারাঙ্গা’তে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে। এ ছাড়া তিনি দীর্ঘ ক্যারিয়ারে বহু চলচ্চিত্রে অভিনয় করেছেন এবং ভারতীয় সিনেমায় নিজের এক স্বতন্ত্র পরিচয় তৈরি করেছিলেন।
আজ, ৪ মে ২০২৬ বিকাল ৪টা থেকে মুম্বাইয়ের এফপিএইচ ব্যাংকোয়েট হলে তার স্মরণে এক প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে। মৃত্যুর সময় তিনি স্ত্রী জয়া এবং মেয়ে মিশিকাকে রেখে গেছেন।
প্রবীণ এই অভিনেতার প্রয়াণে বলিউড ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া নেমে এসেছে। সম্প্রতি কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলের প্রয়াণের রেশ কাটতে না কাটতেই সুদেশ কুমারের চলে যাওয়া চলচ্চিত্রপ্রেমীদের জন্য এক বড় শূন্যতা।



