সিজিআই নয়, আসলেই ‘ভূত’ সেজেছিলেন রণবীর

ভূতুড়ে রূপে রণবীর সিং
বক্স অফিস কাঁপানো ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ সিনেমা নিয়ে উত্তেজনার পারদ যেন কমছেই না। তবে এবার আলোচনার কেন্দ্রে সিনেমার গল্প নয়, বরং রণবীর সিংয়ের একটি হাড়হিম করা লুক। সিনেমার একটি গুরুত্বপূর্ণ দৃশ্যে রণবীরকে যে ভূতুড়ে রূপে দেখা গেছে, সবাই ভেবেছিলেন ওটা কম্পিউটার গ্রাফিক্স বা সিজিআই এর কারসাজি। কিন্তু আসল সত্যিটা বেরিয়ে এলো মেকআপ আর্টিস্টের শেয়ার করা একটি ভিডিওতে।
বিখ্যাত প্রস্থেটিক ডিজাইনার প্রীতিশীল সিং সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে, ঘণ্টার পর ঘণ্টা ধরে নিপুণ মেকআপ আর প্রস্থেটিকের মাধ্যমে রণবীরকে সেই ‘ছায়া থেকে জন্মানো ভূতের’ রূপ দেওয়া হচ্ছে। ভিডিওটি দেখে নেটিজেনরা রীতিমতো অবাক। রণবীরের ধৈর্য আর মেকআপ আর্টিস্টের হাতের জাদুতে মুগ্ধ সবাই।
আদিত্য ধর পরিচালিত এই চার ঘণ্টার দীর্ঘ সিনেমাটি নিয়ে শুধু সাধারণ দর্শক নয়, প্রশংসা করতে কার্পণ্য করেননি খোদ ‘বাহুবলী’ নির্মাতা এস. এস. রাজামৌলিও। তিনি সিনেমাটিকে ‘নিখুঁত’ আখ্যা দিয়ে বলেন, ‘চার ঘণ্টার সিনেমা বানিয়ে দর্শকদের সিটে বসিয়ে রাখার সাহস কেবল আদিত্য ধরই দেখাতে পারেন। রণবীর আর মাধবনের অভিনয় ছিল জাস্ট দেখার মতো।’
রণবীর সিং ছাড়াও এই ছবিতে আছেন সঞ্জয় দত্ত, অর্জুন রামপাল আর আর মাধবনের মতো একঝাঁক হেভিওয়েট তারকা। বর্তমানে প্রেক্ষাগৃহে রমরমিয়ে চলছে এই প্যান-ইন্ডিয়া ব্লকবাস্টার।
সূত্রঃ নিউজ ১৮

