মারা গেছেন ‘হ্যালোইন’ অভিনেতা বো স্টার

সংগৃহীত ছবি
৮১ বছর বয়সে মারা গেলেন ‘হ্যালোইন’ অভিনেতা বো স্টার। গত ২৪ এপ্রিল ভ্যাঙ্কুভারের নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এ হলিউড অভিনেতা।
টিএমজেডের তথ্য অনুযায়ী, স্বাভাবিকভাবেই মারা গেছেন তিনি। গুডফেলাস, হ্যালোইন ফ্র্যাঞ্চাইজি, ডিউ সাউথের মতো একরাশ জনপ্রিয় কাজের জন্য জনপ্রিয় এই তারকা।
স্টারের ক্যারিয়ার শুরু হয়েছিল পেশাদার ফুটবলার হিসেবে। খেলেছিলেন নিউ ইয়র্ক জেটস, মন্ট্রিয়াল অ্যালোয়েটস এবং হ্যামিল্টন টাইগার-ক্যাটস দলের হয়ে। পরে বিনোদন জগতে প্রবেশ করেন। ১৯৭৯ সালে বিজার টেলিভিশন সিরিজে প্রথম টিভি ক্রেডিট পান তিনি। ১৯৮০ সালে আমেরিকান থিয়েটার অব অ্যাক্টরসে একটি নাটকে অভিনয় করেন।
১৯৮৩ সালে তিনি থ্রিস কোম্পানির একটি এপিসোডে অভিনয় করেন। এরপর স্টিভ মার্টিনের কমেডি দ্য লোনলি গাই, দ্য এ-টিম, দ্য ফল গাই, ফ্লেচ ও হাইওয়ে টু হেভেনেও তাকে দেখা যায়।
১৯৮৮ সালে হ্যালোইন : দ্য রিটার্ন অব মাইকেল মায়ার্স ছবির মাধ্যমে হ্যালোইন ফ্র্যাঞ্চাইজিতে যোগ দেন স্টার। শেরিফ বেন মিকার চরিত্রে অভিনয় করেন তিনি।
তিনি আবার ফ্র্যাঞ্চাইজির পঞ্চম ছবি দ্য রিভেঞ্জ অব মাইকেল মায়ার্সে ফিরে আসেন।
১৯৯০ সালে মার্টিন স্করসেসির মব ক্ল্যাসিক গুডফেলাসে ‘রে লিওটার’ চরিত্রে হেনরি হিলের বাবা হিসেবে অভিনয় করেন। হেনরির তরুণ বয়সের চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা ক্রিস্টোফার সেরোন।
এই তারকার স্মরণে ইনস্টাগ্রামে শ্রদ্ধা নিবেদন করেছেন ক্রিস্টোফার সেরোন। তিনি লিখেছেন, ‘গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি, বো স্টার আর নেই। মাইক স্টার আমাকে এই ঘোষণা দিতে বলেছেন। সমৃদ্ধ ও অর্থবহ জীবন ছিল তার। তিনি ছিলেন একজন সন্তান, ভাই, পিতা, দাদা, অভিনেতা এবং ফুটবলার।’
স্টারের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর আহ্বান জানান সোরোন।
স্টারের উল্লেখযোগ্য কিছু কাজ হলো— এনবিসি ক্রাইম ড্রামা সিরিজ ট্রু ব্লু, ২০০০ মালিবু রোড, ব্যাড ব্লাড, স্পিড, এন ওয়াই পিডি ব্লু, লিপ ইয়ার্স, ডক, ফাইনাল ডেজ অন প্ল্যানেট আর্থ ও সাইক।
হলিউডের সবচেয়ে নির্ভরযোগ্য অভিনেতাদের একজন ছিলেন স্টার। চার দশকের বেশি সময় জুড়ে কাজ করেছেন। তার ব্রেকথ্রু চলচ্চিত্রগুলোর মধ্যে হাঙ্কি পাঙ্কি এবং সামার স্কুল উল্লেখযোগ্য। তবে হ্যালোইন ফ্র্যাঞ্চাইজিতে শেরিফ বেন মিকার চরিত্রে অভিনয়ের জন্য সবচেয়ে বেশি পরিচিতি পান তিনি।



