‘অ্যানি’কে নিয়ে সাদের ফেরা, তুষির সিরিজটি যাচ্ছে জার্মানিতে

আবদুল্লাহ মোহাম্মদ সাদের ছবি ও ‘অ্যানি’র পোস্টারের কোলাজ
‘রেহানা মরিয়ম নূর’ চলচ্চিত্রের মাধ্যমে বিশ্বমঞ্চে বাংলাদেশের জন্য গৌরব বয়ে এনেছিলেন পরিচালক আবদুল্লাহ মোহাম্মদ সাদ। ২০২১ সালে কান উৎসবের আঁ সাঁর্তে রিগা বিভাগে নির্বাচিত বাংলাদেশের প্রথম ছবি এটাই। পাঁচ বছরের বিরতির পর মিনি-সিরিজ পরিচালনা করলেন তিনি। এর নাম রাখা হয়েছে ‘অ্যানি’। এতে নাম ভূমিকায় থাকছেন অভিনেত্রী নাজিফা তুষি। জার্মানির কোলনে সেরিয়েনক্যাম্প উৎসবে সিরিজটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে। বুধবার (৬ মে) ফার্স্টলুক পোস্টার প্রকাশের মাধ্যমে এ ঘোষণা দেওয়া হয়েছে।
বিভিন্ন দেশের সিরিজ নিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসবগুলোর মধ্যে সেরিয়েনক্যাম্প অন্যতম। জার্মানিতে এটিই এ ধরনের বৃহত্তম উৎসব। এবারের আসরে ‘স্পটলাইট : উইমেন ইন সিরিজ’ বিভাগে আগামী ৯ জুন ‘অ্যানি’র প্রদর্শনী হবে। বিশ্বের বিভিন্ন প্রান্তের ২১টি সিরিজ নির্বাচিত হয়েছে উৎসবে।
‘অ্যানি’র মাধ্যমে প্রথমবারের মতো শুধু সিরিজকেন্দ্রিক কোনো বৈশ্বিক উৎসবে প্রদর্শিত হতে যাচ্ছে বাংলাদেশি সিরিজ। এতে আরও অভিনয় করেছেন ইয়াশ রোহান। মেট্রো ভিডিও প্রযোজিত ‘অ্যানি’র ভাবনা ও চিত্রনাট্য আবদুল্লাহ মোহাম্মদ সাদের।
সিরিজের কার্যনির্বাহী প্রযোজক এহসানুল হক বাবু ফেসবুক পোস্টে লিখেছেন, ‘এক অদ্ভুত ঘৃণা আর মহামারীর আঁধারে ছোট এক শহরের নার্স ‘অ্যানি’ শিগগিরই আপনাদের মধ্যে আসছে নিঃসঙ্গ লড়াই ও প্রতিশোধের উপাখ্যান নিয়ে।’
‘অ্যানি’ মেয়েটি পেশায় নার্স। এ চরিত্রে অভিনয় প্রসঙ্গে নাজিফা তুষি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘অবশেষে সেই মুহূর্ত এসে গেছে। অ্যানি বেশ জটিল কিন্তু সুন্দর একটি চরিত্র। এতে অভিনয় করতে পেরে আমি সম্মানিত। পরিচালক আবদুল্লাহ মোহাম্মদ সাদকে ধন্যবাদ, যিনি অ্যানি চরিত্রটি তৈরি করতে আমাকে বারবার ভেঙে গড়েছেন।’
এদিকে আসন্ন ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে নাজিফা তুষির নতুন চলচ্চিত্র ‘রইদ’। মেজবাউর রহমান সুমনের পরিচালনায় এতে আরও অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান।





