মারা গেছেন আর্কের হাসানের মা

মায়ের সঙ্গে হাসান
জনপ্রিয় ব্যান্ডশিল্পী হাসানের মা রৌশনারা আজিজ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল সোমবার (৪ মে) দুপুর ১২টা ৩০ মিনিটে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮৬ বছর।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়, তার জানাজা একই দিন মাগরিবের পর লালমাটিয়া বিবি মসজিদে অনুষ্ঠিত হবে।
মৃত্যুর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেন আর্ক ব্যান্ডের সদস্য টিংকু আজিজুর রহমান। ফেসবুকে তিনি উল্লেখ করেন, ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছেন যে সবার প্রিয় হাসান ভাইয়ের শ্রদ্ধেয় মা রৌশনারা আজিজ ইন্তেকাল করেছেন। তিনি মরহুমার বিদেহি আত্মার মাগফিরাত কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন।
টিংকু আজিজুর রহমান আরও মন্তব্য করেন, আর্ক ব্যান্ডের পক্ষ থেকে সবাইকে অনুরোধ করা হচ্ছে যেন রৌশনারা আজিজের জন্য দোয়া করা হয় এবং মহান আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন।
তার মৃত্যুর খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন হাসানের সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।




