৭৩ লাখ টাকা খোয়া গেল জনপ্রিয় র্যাপারের

গ্র্যামি জয়ী মার্কিন র্যাপার কার্ডি বি । ছবি : সংগৃহীত
ক্রেডিট কার্ড হারিয়ে বিপাকেই পড়লেন মার্কিন র্যাপার কার্ডি বি। তার কার্ড থেকে খরচ করা হয়েছে বাংলাদেশি প্রায় ৭৩ লাখ টাকা (৬০ হাজার ডলার)। অজ্ঞাতনামা ব্যক্তিরা এই টাকার বড় অংশ ব্যয় করেছেন বিলাসবহুল ব্র্যান্ডের পোশাক কিনে। বাকি টাকা খরচ হয়েছে প্রযুক্তিপণ্য কেনাকাটায়।
এমন প্রতারণার শিকার হওয়ার কথা তারকা নিজেই জানিয়েছেন সোশ্যাল মিডিয়া লাইভে। ক্ষুব্ধ হয়ে প্রতারকদের আইনের আওতায় আনার হুঁশিয়ারিও দিয়েছেন কার্ডি বি। ‘আমার টাকার ব্যাপারে আমি কোনো ছাড় দিই না’ লাইভে বলছিলেন তিনি।
কার্ডি বি ব্যাখ্যা করেন, তার আমেরিকান এক্সপ্রেস ক্রেডিট কার্ডটি ফোনের সঙ্গে সংযুক্ত থাকায় প্রতিটি লেনদেনের নোটিফিকেশন পেয়ে যান সঙ্গে সঙ্গে। প্রথমে বড় অঙ্কের কেনাকাটা দেখে ভেবেছিলেন টিমের কারো কাজ হয়তো। কিন্তু অল্প সময়ের মধ্যে দ্বিতীয়বার বড় অঙ্কের লেনদেনের নোটিফিকেশন আসতেই নিশ্চিত সন্দেহ হয় তার।
প্রতারণার বিষয়টি বুঝতে পেরে দ্রুত ব্লক করা হয় কার্ডটি। জানানো হয় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকেও। তবে ততক্ষণে খরচ হয়ে গেছে বিপুল পরিমাণ অর্থ।
কয়েকজন ব্যক্তি তার কার্ড ব্যবহার করছেন— ঘটনার এমন সিসিটিভি ফুটেজ থাকার দাবি করেছেন এই র্যাপার। এমনকি সন্দেহভাজনরা এটিএম থেকেও চেষ্টা করেছেন টাকা তোলার।
ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় আসার নতুন করে ডিজিটাল লেনদেন নিয়ে উঠেছে প্রশ্ন। কার্ডি বির মতো কোটিপতি তারকার সঙ্গে এমন প্রতারণা ঘটনা এখন ডিজিটাল লেনদেনের ক্রমবর্ধমান ঝুঁকিরই বড় উদাহরণ।
গ্র্যামি জয়ী এই শিল্পী, যার আসল নাম বেলকালিস মার্লেনিস আলমানজার— ইতিমধ্যেই নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন সংগীতজগতে। ‘বোডাক ইয়েলো’, ‘আই লাইক ইট’-এর মতো হিট গান তাকে জনপ্রিয় করেছে বিশ্বজুড়ে।



