১৩ বছর আগের গান ‘পাপাউতাই’ নতুন করে ভাইরাল, ইতিহাস দিচ্ছে অন্য বার্তা

‘পাপাউতাই’ গানের অংশ
সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করলেই এখন কানে বাজছে একটি সুর ‘পাপাউতাই’। ২০২৬ সালে এসে ইনস্টাগ্রাম রিলস থেকে শুরু করে টিকটক- সবখানেই রাজত্ব করছে ২০১৩ সালের এই ফরাসি গানটি। চমৎকার বিট আর নাচের ছন্দে গানটি ভাইরাল হলেও এর পেছনের করুণ ইতিহাস জানলে আপনার গা শিউরে উঠবে।
বেলজিয়ান শিল্পী স্ট্রোমায়ের এই গানের নাম ‘পাপাউতাই’ মূলত ফরাসি ভাষায় যার অর্থ ‘বাবা, তুমি কোথায়?’। যারা আজ এই গানের তালে ড্যান্স চ্যালেঞ্জ নিচ্ছেন, তাদের অনেকেই হয়তো জানেন না এটি একটি শিশুর হাহাকার, যে তার বাবাকে খুঁজছে।
গানের কথাগুলো কোনো কল্পনা নয়, বরং শিল্পীর নিজের জীবনের ট্র্যাজেডি। ১৯৯৪ সালে রুয়ান্ডায় ভয়াবহ গণহত্যায় প্রাণ হারান স্ট্রোমায়ের বাবা। তখন শিল্পীর বয়স ছিল মাত্র ৯ বছর। বাবার সঙ্গে কাটানো সেই সামান্য স্মৃতি আর সারাজীবনের একাকীত্ব থেকেই জন্ম নিয়েছে এই গান। গানে তিনি আক্ষেপ করে বলেছেন, “বাচ্চা জন্ম দেওয়া সহজ, কিন্তু ‘বাবা’ হওয়া যে কত কঠিন তা কজনই বা জানে।”
পুরোনো সেই গানটিকে ইলেকট্রনিক পপ আর আফ্রোবিটের ছোঁয়ায় নতুন রূপ দিয়েছেন আনজ্যাপস ও মাইকিজমাইন্ডের মতো ক্রিয়েটররা। ২০২৬-এর এই নিউ ভার্সন এখন ইনস্টাগ্রামের টপ ট্রেন্ডিং তালিকায়। এর মিউজিক ভিডিওটি ইউটিউবে ইতিমধ্যে ১০০ কোটিরও বেশি মানুষ দেখে ফেলেছেন।
ভিডিওতে দেখা যায়, একটি ছোট্ট ছেলে একটি মূর্তিকে বাবা ভেবে তার সঙ্গে কথা বলছে, খেলছে। কিন্তু মূর্তির তো আর প্রাণ নেই। এই অবাস্তব আকুতিই গানটিকে কালজয়ী করে তুলেছে। ১৩ বছর পর আবারও যখন গানটি ভাইরাল হলো, তখন নেটিজেনরা বলছেন সুর আর তাল যাই হোক, বাবার অভাবের এই বেদনা চিরন্তন।
আপনিও কি ইতিমধ্যে ‘পাপাউতাই’ গানের রিলে লাইক দিয়েছেন? গানের এই ইতিহাস জানার পর এখন নিশ্চয়ই সুরটি আপনার কাছে আরও গভীর মনে হবে।

