থালাপতির চেন্নাইয়ের বাসায় তৃষা

বিজয় থালাপতির সঙ্গে তামিল চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী তৃষা কৃষ্ণান। ফাইল ছবি
তামিলনাড়ু বিধানসভার ভোট গণনা চলছে। প্রাথমিক ফলাফলে বিজয় থালাপতির দল এগিয়ে আছে নিরঙ্কুশ ব্যবধানে। এরই মধ্যে, আজ তামিল চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী তৃষা কৃষ্ণান গিয়েছেন বিজয় থালাপতির চেন্নাইয়ের বাড়িতে। দুপুরে তাকে দেখা গেছে বিজয়ের বাসভবনের সামনে।
মুভিস্টার বিজয় থালাপতি রাজনীতিতে এসেই দেখিয়েছেন বড় চমক। হুইসেল মার্কায় বাজিমাত করেছেন তিনি। বর্তমান মুখ্যমন্ত্রী স্ট্যালিনের নেতৃত্বাধীন ডিএমডিকে ধরাশায়ী করতে যাচ্ছে তার দল।
শেষ খবর পাওয়া পর্যন্ত, তামিলনাড়ুর ২৩৪ আসনের প্রাথমিক ফলাফলে ১০৪টিতে এগিয়ে রয়েছে থালাপতির নতুন দল তামিলাগা ভেট্রি কাজাগাম বা সংক্ষেপে টিভিকে। অন্যদিকে ক্ষমতাসীন কংগ্রেস ও বামপন্থী ডিএমডিকের জোট এগিয়ে রয়েছে মাত্র ৭১ আসনে। বিরোধী ডিএমকে, বিজেপি ও পিএমকের জোট এআইএডিএমকে এগিয়ে রয়েছে ৫৮টি আসনে।
এর আগে, গত রাতে নিজের ৪৩তম জন্মদিনের প্রাক্কালে হাজির হয়েছেন তিরুপতি মন্দিরে। তিনি ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে তাকে তিরুপতির পথে রওনা হতে দেখা যাচ্ছে। আজ ভোরে তিনি মন্দিরে পূজা দিয়েছেন অত্যন্ত শান্তভাবে এবং কোনো রকম জাঁকজমক ছাড়াই। ভক্তরা লক্ষ করেছে তিনি কোনো ভিড় বা হট্টগোল ছাড়াই ভগবান ভেঙ্কটেশ্বরের আশীর্বাদ নিয়েছেন নিজের বিশেষ এই দিনটি উদ্যাপনের জন্য।
তৃষার এই ধর্মীয় সফর ঢুকে পড়েছে এখন সরাসরি রাজনীতির ময়দানে। অনেকে দাবি করছেন, তার এই সফরের সময়টা মিলে গেছে ঠিক তামিলনাড়ু নির্বাচনের ভোট গণনার দিনের সঙ্গে। ২০২৬ সালের এই নির্বাচনে অভিনেতা বিজয় তার নতুন দল ‘তামিলগা ভেট্রি কাজাগম’ নিয়ে লড়াই করছেন এবং আজ ৪ মে চলছে সেই ভোটের মহাগণনা। নেটিজেনরা বলছেন, তৃষার এই প্রার্থনা হয়তো তার ঘনিষ্ঠ বন্ধু বিজয়ের রাজনৈতিক সাফল্যের জন্যই নিবেদিত।



