ফারিণকে নিয়ে রাজস্থান গেলেন শাকিব

ফারিণ ও শাকিব
শাকিব খান ছিলেন ভারতে। ত্রয়োদশ সংসদ নির্বাচনে দেশে ফিরতে চেয়েছিলেন। কিন্তু শুটিং থেকে কোনোভাবেই বেরোতে পারেননি। একটা দিন কোনোভাবে নষ্ট হলেই ঈদে ছবি মুক্তি পাওয়া নিয়ে ঝুঁকি হয়ে যাবে। ভারতের বিভিন্ন স্থানে পুরোদমে শুটিংয়ের পর চলে যান শ্রীলঙ্কা। গতকাল শ্রীলঙ্কা থেকে ঢাকায় ফিরেছেন, আর আজ বিকেলেই উড়াল দিলেন রাজস্থানে। সেখানে ‘প্রিন্স’ চলচ্চিত্রের গানের শুটিংয়ে অংশ নেবেন ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক।
শাকিব খানের একটি ঘনিষ্ঠ সূত্র জানাচ্ছে, শাকিব খান গতকালই শ্রীলঙ্কা থেকে ফিরেছেন। আজ উড়াল দিলেন রাজস্থানের উদ্দেশ্যে। কলকাতায় ট্রানজিট নেবেন। তার সঙ্গে যাবেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ।
সূত্রটি বলছে, ‘আগামীকাল তাসনিয়া ফারিণের সঙ্গে রাজস্থানে একটি গানের শুটিংয়ে অংশ নেবেন। এরইমধ্যে সেখানে কারিগরি দল চলে গেছে। ছবির কাজ প্রায় শেষ দিকে। এবার সর্বোচ্চসংখ্যক সিনেমা হলে মুক্তি পাওয়ার কথা রয়েছে ছায়াছবিটির।’
রাজস্থানকে কেন বেছে নেওয়া হলো? এ প্রশ্নের জবাবে চলচ্চিত্র সংশ্লিষ্ট সূত্রটি বলছে, ‘শাকিব খান কোনোকিছুই কনসিডার করছেন না। তিনি গানটির ভিজুয়ালাইজেশনের জন্য রাজস্থানের সংস্কৃতি ও মরুভূমিকে প্রয়োজন মনে করছেন। এছাড়াও নির্মাতা নিজেও এটি মনে করছেন।’
এদিকে মুক্তির আগেই সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহলের সৃষ্টি হয়েছে। অনেক বন্ধ সিনেমা হল ফের চালু হচ্ছে, অনেক সিনেমা হলের মালিক অগ্রিম টাকা নিয়ে হাজির হচ্ছেন প্রযোজকের দ্বারে।
শিরিন সুলতানার প্রযোজনায় এবং ক্রিয়েটিভ ল্যান্ডের ব্যানারে নির্মিত ‘প্রিন্স’ সিনেমার একটি অংশের শুটিং ইতিমধ্যে বাংলাদেশ ও শ্রীলঙ্কায় শেষ হয়েছে। বাকি কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন পরিচালক আবু হায়াত মাহমুদ। সিনেমাটির ট্যাগলাইন-‘ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’, যা গল্পের প্রেক্ষাপট ও সময়কাল নিয়ে বাড়তি কৌতূহল তৈরি করছে।
এই সিনেমায় শাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন জ্যোতির্ময়ী কুণ্ডু, তাসনিয়া ফারিণ ও সাবিলা নূর। আরও আছেন নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু, ইন্তেখাব দিনার, ডা. এজাজ, শরীফ সিরাজসহ একঝাঁক অভিনয়শিল্পী।

