নেপালের মসজিদে হামলার ভিডিওকে ভারতের ঘটনার দাবিতে ভুয়া প্রচার

ছবিঃ আগামীর সময়
সম্প্রতি, ‘মসজিদের ভিতরে আগুন ধরিয়ে দিলো ভারতের উগ্র#বাদী হিন্দুরা’ শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।
অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি ভারতের নয়। প্রকৃতপক্ষে, নেপালের গৌড়ের মসজিদে ভাঙচুর ও অগ্নিসংযোগের ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে ‘TRT World’ এর ফেসবুক পেজে গত ২৫ ফেব্রুয়ারি প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল রয়েছে।উক্ত ভিডিওতে দাবি করা হয়, গত ২২ ফেব্রুয়ারি নেপালের রউতহাটের দুটি মসজিদে হিন্দু জনতা হামলা চালিয়ে আগুন দেয়।
পরবর্তীতে, ‘nepalmuslim’ নামক ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গত ২২ ফেব্রুয়ারি প্রচারিত একই ভিডিওটি খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর ক্যাপশন থেকে জানা যায়, এটি নেপালের গৌড়ের একটি মসজিদে ভাঙচুর ও অগ্নিসংযোগের ভিডিও।
সেসময় একই দাবিতে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার হয়।
সুতরাং, নেপালের মসজিদে ভাঙচুর ও অগ্নিসংযোগের ভিডিওকে ভারতের দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।



