এআই ছবি দিয়ে শিরীন শারমিনের মুক্তির দাবিতে আওয়ামী লীগের বিক্ষোভের ভুয়া প্রচার

ছবিঃ আগামীর সময়
গত ৭ এপ্রিল ভোরে ধানমন্ডির একটি বাসা থেকে জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি ভাইরাল হয়।
ছবিটি শেয়ার করে দাবি করা হয়, তার নিঃশর্ত মুক্তির দাবিতে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন। তবে অনুসন্ধানে এই দাবির সত্যতা পাওয়া যায়নি।
মূলধারার কোনো গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে এমন কোনো বিক্ষোভ মিছিলের তথ্য মেলেনি।
ভাইরাল ছবিটি বিশ্লেষণ করে দেখা যায়, এতে ব্যবহৃত ব্যানার ও লেখাগুলোর মধ্যে অসংগতি রয়েছে। একাধিক স্থানে লেখার বিকৃতি ও অস্বাভাবিক গঠন লক্ষ্য করা গেছে, যা সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ছবিতে দেখা যায়।
বিষয়টি নিশ্চিত হতে ছবিটি এআই শনাক্তকারী প্ল্যাটফর্ম ‘Hive Detect’-এ পরীক্ষা করা হলে দেখা যায়, এটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ৯৯.৯ শতাংশ।
সুতরাং, ড. শিরীন শারমিন চৌধুরীর মুক্তির দাবিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিলের দাবিতে প্রচারিত ছবিটি বাস্তব নয়; এটি কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি একটি ভুয়া ছবি।



