বুক সমান পানিতে দাঁড়িয়ে কৃষকের ভাত খাওয়ার দৃশ্যটির সত্যতা কী?

ছবি: আগামীর সময়
উজানের ঢল আর অতিবৃষ্টিতে হাওরের বিস্তীর্ণ ফসলি মাঠ ডুবে গিয়ে যখন কৃষকের সোনালি স্বপ্ন ভেসে যাচ্ছে পানির নিচে, ঠিক তখনই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এক হৃদয়বিদারক ভিডিও। বাড়তি মজুরি ও শ্রমিক সংকটের কারণে অনেক কৃষক এখন পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে ধান কাটছেন। আবার বৃষ্টির কারণে কাটা ধান শুকানো নিয়েও চরম দুশ্চিন্তায় আছেন চাষিরা। এমন বাস্তবতার মধ্যেই দেখা যায়, বুকসমান পানিতে দাঁড়িয়ে চোখের জল মুছতে মুছতে ভাত খাচ্ছেন এক কৃষক। এই দৃশ্য মুহূর্তেই নেটিজেনদের আবেগ নাড়িয়ে দেয়, আর কিছু মূলধারার গণমাধ্যমও সেটিকে বাস্তব ঘটনা ধরে সংবাদ প্রচার করে।
যেভাবে সামনে এলো সত্য
তবে অনুসন্ধানে সামনে এসেছে ভিন্ন চিত্র। ভাইরাল হওয়া ওই ভিডিওটি কোনো বাস্তব কৃষকের দুর্দশার মুহূর্ত নয়; বরং এটি অভিনয়ের মাধ্যমে তৈরি একটি কনটেন্ট।
ভিডিওটির সূত্র অনুসরণ করে দেখা যায়, ‘MD Liton Mia’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে গত ২ মে এটি প্রকাশ করা হয়। একই ব্যক্তির টিকটক অ্যাকাউন্টেও ভিডিওটি পাওয়া গেছে। তার প্রোফাইল বিশ্লেষণে আরও দেখা যায়, তিনি নিয়মিত একই ধরনের আবেগনির্ভর ভিডিও তৈরি করে সামাজিক মাধ্যমে প্রচার করেন। একই পোশাক ও পরিবেশে ধারণ করা একাধিক ভিডিওর উপস্থিতি থেকেই বোঝা যায়, এটি কোনো আকস্মিক বাস্তব দৃশ্য নয়।
সব মিলিয়ে নিশ্চিত হওয়া যায়, পানিতে দাঁড়িয়ে কৃষকের ভাত খাওয়ার যে ভিডিওটি বাস্তব দুর্দশার চিত্র হিসেবে ছড়িয়ে পড়েছে, সেটি আসলে অভিনয়ের মাধ্যমে তৈরি একটি সাজানো দৃশ্য। ফলে, এ দাবিটি বিভ্রান্তিকর ও অসত্য।





