চট্টগ্রামে হিন্দু কিশোরী অপহরণের দাবি কেন ভিত্তিহীন?

ছবি: আগামীর সময়
সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে দাবি করা হয়— চট্টগ্রামে দিনের আলোয় ১৪ বছর বয়সী এক হিন্দু কিশোরীকে অপহরণ করা হয়েছে। ভিডিওটি ঘিরে উদ্বেগ ও ক্ষোভ ছড়িয়ে পড়ে অনলাইনে।
তবে যাচাই-বাছাইয়ে ভিন্ন তথ্য উঠে এসেছে। অনুসন্ধানে দেখা যায়, ভাইরাল হওয়া ভিডিওটি বাংলাদেশের কোনো ঘটনার নয়।
রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে পাকিস্তানি সংবাদমাধ্যম Pakistan Observer-এর ইউটিউব চ্যানেলে গত ৩০ এপ্রিল প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। সেখানে উল্লেখ করা হয়, দক্ষিণ পাঞ্জাবের রহিম ইয়ার খান শহরের একটি ব্যস্ত এলাকা থেকে ১৪ বছর বয়সী এক কিশোরীকে অপহরণ করা হয়।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানানো হয়, অপহরণকারীরা মেয়েটির কাছে গিয়ে তাকে অজ্ঞান করে দ্রুত সেখান থেকে নিয়ে যায়।
সবমিলিয়ে স্পষ্ট হয় যে, চট্টগ্রামে হিন্দু কিশোরী অপহরণের দাবিতে প্রচারিত ভিডিওটি বিভ্রান্তিকর। এটি আসলে পাকিস্তানের রহিম ইয়ার খান শহরে ঘটে যাওয়া একটি ঘটনার দৃশ্য, যা ভিন্ন প্রেক্ষাপটে উপস্থাপন করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে।




