হাসনাত আবদুল্লাহর মা দাবি করে ভাইরাল এই নারী আসলে কে?

ছবি: আগামীর সময়
সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি হাসনাত আবদুল্লাহকে ঘিরে দুটি ছবির একটি কোলাজ ছড়িয়ে পড়ে। কোলাজের একটিতে তাকে একজন পুরুষের সঙ্গে এবং অন্যটিতে একজন নারীর সঙ্গে দেখা যায়। এসব ছবি প্রচার করে দাবি করা হয়-ছবিতে থাকা ব্যক্তিরা তার বাবা ও মা।
তবে অনুসন্ধানে দেখা গেছে, দাবিটি পুরোপুরি সঠিক নয়।
হাসনাত আবদুল্লাহর ফেসবুক অ্যাকাউন্টে ২০২২ সালের ৯ জানুয়ারির একটি পোস্টে আলোচিত প্রথম ছবিটি পাওয়া যায়। সেখানে তিনি নিজেই উল্লেখ করেছেন, তার পাশে থাকা ব্যক্তি তার বাবা। ফলে প্রথম ছবির দাবিটি সত্য।
অন্যদিকে, ২০১৬ সালের ১৩ জুলাই তার ফেসবুক অ্যাকাউন্টে পাওয়া দ্বিতীয় ছবিটিতে নারীর পরিচয় উল্লেখ ছিল না। তবে পোস্টের মন্তব্যে এক ব্যবহারকারী তাকে ‘ম্যাম’ বলে সম্বোধন করেন, যা ভিন্ন পরিচয়ের ইঙ্গিত দেয়।
পরে অনুসন্ধানে কুমিল্লার বুড়িচং উপজেলার পারুয়ারা আব্দুল মতিন খসরু কলেজের ওয়েবসাইটে ‘মাহফুজা সুলতানা’ নামের এক শিক্ষিকার ছবি পাওয়া যায়, যার সঙ্গে আলোচিত ছবির নারীর মিল রয়েছে। বিষয়টি নিশ্চিত করতে কলেজটির অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মো. সজিব ভূঁইয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ছবির নারী মাহফুজা সুলতানা-কলেজটির সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান এবং তিনি হাসনাত আবদুল্লাহর শিক্ষিকা।
এ ছাড়া হাসনাত আবদুল্লাহর নির্বাচনী হলফনামা থেকে জানা যায়, তার মায়ের নাম জাহানারা ইয়াছমিন।
সবশেষে নিশ্চিত হওয়া যায়, প্রথম ছবিতে থাকা ব্যক্তি হাসনাত আবদুল্লাহর বাবা হলেও দ্বিতীয় ছবির নারী তার মা নন; বরং তাকে ভুলভাবে মা হিসেবে প্রচার করা হয়েছে।
এ কারণে আলোচিত দাবিটি অর্ধসত্য।






