মিশা সওদাগরের নামে শেখ হাসিনাকে নিয়ে ভাইরাল মন্তব্য-আসল রহস্য কী?

ছবি: আগামীর সময়
চলচ্চিত্র অভিনেতা মিশা সওদাগরের নামে শেখ হাসিনাকে নিয়ে একটি মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে অনুসন্ধানে দেখা গেছে, এই বক্তব্যের কোনো বাস্তব ভিত্তি নেই।
সম্প্রতি একটি ফটোকার্ডে মিশা সওদাগরের ছবি ব্যবহার করে দাবি করা হয়, -“আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষণার পর, দেখতেছি পুরো একটি জেনারেশন শেখ হাসিনার ভক্ত হয়ে গেছে। যাদের মাধ্যমে বাংলাদেশ শত্রুমুক্ত হবে।” এমন দাবিটি দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যবহারকারীদের মধ্যে আলোচনার জন্ম দেয়।
তবে বিষয়টি যাচাই করতে গিয়ে দেখা যায়, এই মন্তব্যের পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যসূত্র নেই। ভাইরাল পোস্টগুলোতে বক্তব্যটির উৎস উল্লেখ করা হয়নি, যা শুরু থেকেই এর সত্যতা নিয়ে সন্দেহ তৈরি করে।
পরবর্তীতে মিশা সওদাগরের অফিসিয়াল ফেসবুক পেজ পর্যবেক্ষণ করেও এমন কোনো বক্তব্য বা পোস্টের সন্ধান পাওয়া যায়নি। একইসঙ্গে দেশের কোনো মূলধারার গণমাধ্যমেও তার এ ধরনের মন্তব্য করার তথ্য পাওয়া যায়নি।
চ্যানেল ২৪-এর ইউটিউব চ্যানেলে প্রচারিত একটি প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে, মিশা সওদাগর এমন কোনো মন্তব্য করেননি। বরং বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থানরত এই অভিনেতা দেশে ফিরে এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছেন।
সবকিছু বিবেচনায় স্পষ্ট, শেখ হাসিনাকে নিয়ে মিশা সওদাগরের নামে প্রচারিত মন্তব্যটি সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট; যার পেছনে রয়েছে উদ্দেশ্যপ্রণোদিত বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা।



