গোপালগঞ্জের ঘটনাকে বিকৃত করে ১০ হাজার লিটার ডিজেল উদ্ধারের ভুয়া প্রচার

ছবিঃ আগামীর সময়
সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি ছড়িয়ে দাবি করা হচ্ছে, গোপালগঞ্জে পুকুরের পানির নিচ থেকে ১০ হাজার লিটার ডিজেল উদ্ধার করা হয়েছে। তবে যাচাই করে দেখা যায়, দাবিটি সঠিক নয় এবং ব্যবহৃত ছবিটিও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি।
প্রাসঙ্গিক কিওয়ার্ড দিয়ে অনুসন্ধান করলে চ্যানেল টোয়েন্টিফোর ও আরটিভিসহ একাধিক গণমাধ্যমের প্রতিবেদন পাওয়া যায়। এসব প্রতিবেদনে উল্লেখ করা হয়, গোপালগঞ্জের কোটালীপাড়ায় অধিক দামে বিক্রির উদ্দেশ্যে ২০০ লিটারের একটি ব্যারেল ডিজেল পুকুরে লুকিয়ে রাখার দায়ে এক তেল ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (৫ এপ্রিল) দুপুরে কোটালীপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুম বিল্লাহ এ জরিমানা করেন।
একাধিক বিশ্বস্ত সূত্রে একই ঘটনার বিষয়ে ২০০ লিটার ডিজেল উদ্ধারের তথ্য মিললেও কোথাও ১০ হাজার লিটার তেল উদ্ধারের কোনো তথ্য পাওয়া যায়নি।
এছাড়া, ছবিটি এআই-নির্ভর ডিটেকশন টুল ‘Hive Moderation’ দিয়ে বিশ্লেষণ করে দেখা গেছে, এটি কৃত্রিমভাবে তৈরি বা সম্পাদিত।
সুতরাং, গোপালগঞ্জে পুকুরের নিচে ১০ হাজার লিটার ডিজেল পাওয়ার দাবি সম্পূর্ণ ভুয়া এবং বিভ্রান্তিকর; প্রকৃত ঘটনায় মাত্র ২০০ লিটার তেল উদ্ধার হয়েছে, আর ভাইরাল ছবিটি এআই-তৈরি।



