ছাত্রদলের কমিটিতে কি ‘যৌন সম্পাদক’ পদ রাখা হয়েছে?

ছবি: আগামীর সময়
সামাজিক যোগাযোগমাধ্যমে কক্সবাজার জেলা ছাত্রদলের আংশিক কমিটি নিয়ে একটি ছবি ঘিরে তৈরি হয়েছে তুমুল আলোচনা। ছবিটিতে দাবি করা হয়, কমিটিতে ‘যৌনবিষয়ক সম্পাদক’ নামে একটি পদ রাখা হয়েছে এবং সেখানে শাহ কামাল নামে একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। পোস্টগুলো দ্রুত ছড়িয়ে পড়ে, অনেকেই বিষয়টি নিয়ে বিস্ময় ও সমালোচনা প্রকাশ করেন।
গুজবের সূত্রপাত
ভাইরাল ছবির সূত্র ধরে দেখা যায়, ৪ মে ফেসবুকের একটি ব্যক্তিগত প্রোফাইল থেকে এটি প্রথমদিকে শেয়ার করা হয়। ক্যাপশনে লেখা ছিল- ‘যৌনবিষয়ক সম্পাদকও আছে দেখছি 😆😆,,,আল্লাহ।’ ছবিতে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের অফিসিয়াল প্যাডে কক্সবাজার জেলা কমিটির একটি তালিকা দেখানো হয়। তালিকার শেষদিকে সাংগঠনিক সম্পাদক আশরাফ ইমরানের নামের নিচে ‘যৌন সম্পাদক’ হিসেবে শাহ কামালের নাম যুক্ত করা ছিল। একই ছবি পরবর্তী সময়ে আরও বহু প্রোফাইল, পেজ ও গ্রুপ থেকে ছড়িয়ে পড়ে। কোথাও এটিকে টাইপিং মিস্টেক বলা হয়েছে, আবার কোথাও সংগঠনের ভাবমূর্তি নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।
অনুসন্ধানে যা পাওয়া গেল
আগামীর সময়ের অনুসন্ধানে দেখা গেছে, ভাইরাল হওয়া সেই ছবিটি সম্পূর্ণ সম্পাদিত এবং এই দাবির সত্যতা মেলেনি। রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিবের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে ২ মে প্রকাশিত মূল বিজ্ঞপ্তিটি খুঁজে পাওয়া যায়। সেখানে কক্সবাজার জেলা ছাত্রদলের আংশিক কমিটিতে মোট ৬টি পদ উল্লেখ আছে। ফাহিমুর রহমানকে সভাপতি, মোহাম্মদ হোসেন মাদুকে সিনিয়র সহ-সভাপতি, মোহাম্মদ সাঈদ আনোয়ারকে সাধারণ সম্পাদক, মোহাম্মদ জাহেদ নুর জিতুকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, সৈয়দ মুহাম্মাদ সালমান বাপ্পিকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং আশরাফ ইমরানকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। আশরাফ ইমরানের নামের পর আর কোনো পদ বা ব্যক্তির নাম নেই।
এ ছাড়া বিষয়টি নিয়ে প্রকাশিত গণমাধ্যমের প্রতিবেদনেও একই তথ্য পাওয়া যায়। ৪ মে প্রকাশিত এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, দীর্ঘ দুই বছর পর এই আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে এবং এতে ছয়টি পদে দায়িত্ব বণ্টন করা হয়েছে। কোথাও ‘যৌনবিষয়ক সম্পাদক’ নামে কোনো পদের উল্লেখ নেই।
সবকিছু মিলিয়ে নিশ্চিত হওয়া যায়, ভাইরাল ছবিটি মূল বিজ্ঞপ্তি সম্পাদনা করে তৈরি করা হয়েছে। অতিরিক্ত একটি ভুয়া পদ ও নাম যুক্ত করে বিভ্রান্তি ছড়ানো হয়েছে, যার সঙ্গে প্রকৃত কমিটির কোনো সম্পর্ক নেই।







