বঙ্গবন্ধুর জন্মদিনে ঢাবিতে ছাত্রলীগের মিছিলের দাবির ছবি এআই নির্মিত

ছবিঃ আগামীর সময়
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উদ্যোগে ১৭ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে মিছিল অনুষ্ঠিত হয়েছে-এমন দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি প্রচারিত হয়েছে।
প্রচারিত ফটোকার্ডে লেখা রয়েছে, ‘বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের মিছিল’। তবে অনুসন্ধানে দেখা গেছে, গণমাধ্যম বা নির্ভরযোগ্য কোনো সূত্রে এই দাবির কোনো প্রমাণ নেই।
ছবিটি বিশ্লেষণ করলে এতে থাকা বিভিন্ন উপাদানে অসঙ্গতি লক্ষ্য করা যায়, যা সাধারণত এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহার করে তৈরি কনটেন্টে দেখা যায়।
হাইভ ডিটেক্ট নামের এআই কনটেন্ট শনাক্তকারী টুলের পরীক্ষায় দেখা গেছে, ছবিটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় ৭৭ শতাংশ।
দাবিটির উৎস খুঁজে দেখা যায়, ‘GojobVision’ নামের ফেসবুক পেজে গত ১৮ মার্চ ছবিটি পোস্ট করা হয়। পেজটির বায়োতে উল্লেখ আছে, এটি ব্যঙ্গ-সারকাজমধর্মী কনটেন্ট প্রকাশ করে এবং শুধুমাত্র বিনোদনের জন্য পরিচালিত।
পেজে একই ধরনের আরও অনেক ব্যঙ্গাত্মক পোস্ট রয়েছে। এসব তথ্য থেকে নিশ্চিত হওয়া যায়, ছবিটি বাস্তব কোনো ঘটনার চিত্র নয়, বরং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি একটি ভুয়া ছবি।

