শিক্ষার্থীকে মারধরের ভিডিওটি কি বাংলাদেশের?

ছবি: আগামীর সময়
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও বেশ আলোড়ন সৃষ্টি করেছে, যেখানে দেখা যায় একজন শিক্ষক শিক্ষার্থীকে নির্মমভাবে মারধর করছেন। ভিডিওটির ক্যাপশনে দাবি করা হচ্ছে, ‘শিক্ষকদের আচরণে শিশুরা এতটাই ভীত, যেন হিংস্র পশুকেও তারা এত ভয় পায় না।’ অনেক নেটিজেন ভিডিওটি শেয়ার করে এটিকে বাংলাদেশের কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের চিত্র হিসেবে দাবি করছেন, যা জনমনে ক্ষোভ ও হতাশা তৈরি করেছে।
জনমনে বিভ্রান্তি ছড়ানো এই ভিডিওটির সত্যতা যাচাই করতে গিয়ে দেখা যায়, এর সঙ্গে বাংলাদেশের কোনো সম্পর্ক নেই। এটি সম্পূর্ণ ভিন্ন একটি দেশের এবং ভিন্ন প্রেক্ষাপটের ঘটনা।
অনুসন্ধানে যা পাওয়া গেল
‘আগামীর সময়’-এর অনুসন্ধানে দেখা যায়, আলোচিত ভিডিওটির সঙ্গে বাংলাদেশের কোনো সম্পৃক্ততা নেই। বরং এটি ভারতের একটি ঘটনা, যেখানে এক শিক্ষার্থীকে শিক্ষক মারধর করছেন— এমন দৃশ্যই ক্যামেরাবন্দি হয়েছে। ২৯ এপ্রিল ‘Rakesh Krishnan Simha’ নামের একটি এক্স অ্যাকাউন্টে ভিডিওটি পাওয়া যায়, যা ভাইরাল হওয়া ভিডিওটির সঙ্গে হুবহু মিলে যায়। ভিডিওতে সংশ্লিষ্টদের হিন্দি ভাষায় কথা বলতে শোনা যায়, যা এর ভারতীয় প্রেক্ষাপটকে স্পষ্ট করে তোলে।
আরও অনুসন্ধানে এরও আগে, ১৬ এপ্রিল ‘Sathya Rams’ নামের একটি ফেসবুক প্রোফাইলে একই ভিডিও দেখা যায়, যদিও সেখানে কোনো ব্যাখ্যা ছিল না। পরে ২৬ এপ্রিল ‘Daily News Post’ নামের একটি ভারতীয় গণমাধ্যম জানায়, ভিডিওটি নিয়ে দেশ জুড়ে আলোচনা-সমালোচনা চলছে, তবে ঘটনার বিস্তারিত তখনো নিশ্চিত নয়। ভাষা ও অন্যান্য সূত্র বিশ্লেষণে ধারণা করা হচ্ছে, ঘটনাটি ভারতের উত্তর প্রদেশ বা বিহার অঞ্চলের।
সুতরাং ভারতের একটি ঘটনার ভিডিওকে বাংলাদেশের বলে প্রচার করা হচ্ছে, যা বিভ্রান্তিকর ও ভিত্তিহীন।





