শেখ হাসিনা কি সর্বোচ্চ সামরিক প্রোটোকল নিয়ে ফিরছেন

ছবি: আগামীর সময়
সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি একটি ভিডিও ও তার ক্যাপশন ঘিরে বিভ্রান্তি ছড়িয়েছে। সেখানে দাবি করা হয়-‘ডিপ স্টেট ও মিত্রবাহিনীর যৌথ প্রচেষ্টায় সর্বোচ্চ সামরিক প্রোটোকল নিয়ে শেখ হাসিনা ফিরছেন’ এবং এ বিষয়ে একটি বৈঠকের আভাস পাওয়া গেছে।
তবে অনুসন্ধানে দেখা গেছে, এই দাবি সত্য নয়। আলোচিত ছবিটি বা ভিডিওটি সাম্প্রতিক কোনো রাজনৈতিক বৈঠক কিংবা শেখ হাসিনাকে ফিরিয়ে আনার কোনো ঘটনার সঙ্গে সম্পর্কিত নয়।
প্রকৃতপক্ষে, ব্যবহৃত ছবিটি ২০১৫ সালের একটি আনুষ্ঠানিক বৈঠকের। সে সময় তৎকালীন ব্রিটিশ পার্লামেন্টের উচ্চকক্ষ হাউস অব লর্ডসের স্পিকার ব্যারোনেস ডি সুজা বাংলাদেশ সফরে আসেন এবং জাতীয় সংসদের তৎকালীন স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। ওই সাক্ষাতের সময় তোলা একটি ছবিই বর্তমানে ভিন্ন দাবি করে প্রচার করা হচ্ছে।
শিরীন শারমিন চৌধুরীর ফেসবুক পেজে ২০১৫ সালের ২৩ ফেব্রুয়ারি প্রকাশিত একটি অ্যালবামেও একই ছবির অস্তিত্ব পাওয়া যায়। সেখানে উল্লেখ ছিল, “Visit - Lord Speaker, Baroness D’Souza, Speaker of House of Lords”—যা থেকে স্পষ্ট হয় এটি একটি সরকারি সৌজন্য সাক্ষাৎ।
এছাড়া, ২০১৫ সালের ১৯ ফেব্রুয়ারি প্রথম আলোতে প্রকাশিত এক প্রতিবেদনেও জানানো হয় যে, ব্যারোনেস ডি সুজা ২০ ফেব্রুয়ারি ঢাকায় এসে ২১ ফেব্রুয়ারি শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন ও সংসদ ভবনে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেন।
অন্যদিকে, সম্প্রতি সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে আটক ও পরবর্তীতে জামিনে মুক্তির খবর থাকলেও সেটি আলোচিত দাবির সঙ্গে কোনো সম্পর্কযুক্ত নয়।
সুতরাং সাম্প্রতিক সময়ে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার কোনো বৈঠকের প্রমাণ পাওয়া যায়নি। ২০১৫ সালের পুরোনো একটি সৌজন্য সাক্ষাতের ছবিকে বিকৃত ব্যাখ্যা দিয়ে নতুন দাবিতে প্রচার করা হচ্ছে—যা সম্পূর্ণ বিভ্রান্তিকর।




