প্যারিসে বাণিজ্য মেলায় নজর কাড়ছে বাংলাদেশি উদ্যোক্তার পণ্য

প্যারিস এক্সপো পোর্ত দ্য ভার্সাইয়ে মেলায় দর্শনার্থীরা (ছবি: লেখক)
ফ্রান্সের রাজধানী প্যারিসে চলছে ইউরোপের প্রাচীনতম মেলা ‘ফোয়াঁ দ্যু প্যারিস’ (প্যারিস ফেয়ার)। ১২ দিনের এই আয়োজনে বিশ্বের শতাধিক দেশের পাশাপাশি রয়েছে এক টুকরো বাংলাদেশ! প্যারিস এক্সপো পোর্ত দ্য ভার্সাইযের বিশাল চত্বরে চলমান মেলায় বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান তুরাগ মিলানো জুয়েলারির প্রতি দর্শনার্থীদের আলাদা আগ্রহ চোখে পড়ার মতো। তাদের স্টলে আধুনিক ও নান্দনিক নকশার গয়না ফরাসি ক্রেতাদের কাছে বিশেষভাবে সমাদৃত হচ্ছে।
ইউরোপের বিভিন্ন আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণ করেছে তুরাগ মিলানো জুয়েলারি। এবার প্যারিস ফেয়ারে অংশগ্রহণের মাধ্যমে সরাসরি ফরাসি ভোক্তাদের দৃষ্টিভঙ্গি বোঝার সুযোগ পাচ্ছেন বাংলাদেশি উদ্যোক্তারা।বাংলাদেশের পাটজাত পণ্য, হস্তশিল্প ও তুরাগ মিলানোর মতো ব্র্যান্ডের জুয়েলারি পণ্যের গুণগত মান আকৃষ্ট করে ক্রেতাদের।
মেলায় আসা এক ফরাসি দর্শনার্থী জানান, বাংলাদেশি পণ্যে এক ধরনের আদিম ছোঁয়া আছে, যা আধুনিক ঘর সাজানোর ক্ষেত্রে দারুণ মানানসই। বিশেষ করে তুরাগ মিলানোর জুয়েলারির ডিজাইন বেশ ইউনিক।
ইউরোপের বাজারে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন বাংলাদেশি ব্যবসায়ীরা বলছেন, প্যারিস ফেয়ার শুধুই পণ্য বিক্রির জায়গা নয়, এটি ব্র্যান্ডিংয়ের বিশাল এক মঞ্চ। সঠিক বিপণন ও সরকারি সহযোগিতা পেলে তৈরি পোশাকের বাইরেও জুয়েলারি এবং হস্তশিল্প খাতে ফ্রান্সে বিশাল বাজার দখল করতে পারে বাংলাদেশ।
বসন্তকালীন এই মেলা বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে— এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।
গত ৩০ এপ্রিল শুরু হওয়া প্যারিস ফেয়ারে বাংলাদেশের পাশাপাশি ভারত, চীন, মরক্কো, ইতালি ও ভিয়েতনামের ঐতিহ্যবাহী পণ্যের প্রদর্শনী চলছে। সিল্ক ও বৈচিত্র্যময় মসলার সম্ভার নিয়ে বড় প্যাভিলিয়ন সাজিয়েছে ভারত। মরক্কো ও তিউনিসিয়া হস্তচালিত কার্পেট এবং সিরামিক পণ্যে বৈচিত্র্যের পসরা রেখেছে। ভিয়েতনাম প্রদর্শন করছে বাঁশ ও কাঠের তৈরি টেকসই গৃহস্থালি পণ্য। মেলা চলবে ১১ মে পর্যন্ত।





