সরকারের যত গভীরে যাচ্ছি, তত উদ্বেগ বাড়ছে : মির্জা ফখরুল

সংগৃহীত ছবি
‘সরকারের যত গভীরে যাচ্ছি, ততই উদ্বেগ বাড়ছে’— মন্তব্য করলেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ শনিবার শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় অডিটরিয়ামে সদ্য প্রয়াত অধ্যাপক ডা. মো. আব্দুল কুদ্দুসের জন্য আয়োজিত স্মরণসভা ও দোয়া মাহফিলে অংশ নেন তিনি। সেখানেই এমন মন্তব্য।
বিএনপি মহাসচিবের মতে, চারদিকে অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতি। তদবির ছাড়া যেন কিছুই হচ্ছে না। গত ১৫ বছরে এই পরিস্থিতি তৈরি হয়েছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ এমন একটি সমাজ তৈরি করেছে, যেখানে নৈতিকতা হয়েছে ক্ষতিগ্রস্ত। দেশের অর্থনীতি ধ্বংস করে গেছে শেখ হাসিনার সরকার।
অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা ও জিয়া পরিষদের চেয়ারম্যান ডা. কুদ্দুসের মৃত্যু স্বাভাবিক নয় বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। ‘জীবনের নানা কষ্ট, অপমান ও দুঃখের ধাক্কা তাকে দ্রুত আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে।’
এই প্রবীণ নেতা উল্লেখ করেন, ‘এমন সৎ ও সাহসী মানুষ আজ সমাজে খুব কমই দেখা যায়। আমরা যদি তার কাজ, আদর্শ ও নৈতিকতা অনুসরণ করতে পারি, তাহলে সমাজ ও দেশের জন্য কিছু করা সম্ভব হবে।’
জিয়া পরিষদের কার্যক্রম প্রসঙ্গে তার ভাষ্য, ‘সংগঠনকে ‘দোকান’ বানানো যাবে না। গবেষণা ও মেধাভিত্তিক কাজের মাধ্যমে জিয়াউর রহমানের জীবন ও আদর্শ বিশ্বব্যাপী তুলে ধরতে হবে।’ অনুষ্ঠানে শিক্ষা ও রাজনীতি প্রসঙ্গেও কথা বলেন মির্জা ফখরুল।
জানালেন, বিশ্ববিদ্যালয়ে মেধার চর্চা নিশ্চিত করতে হবে এবং দলীয়করণ বন্ধ করতে হবে। সুষ্ঠু ছাত্ররাজনীতি না থাকলে তা ক্ষতিকর হয়ে দাঁড়াবে দেশের জন্য।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী, শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবদুল লতিফ প্রমুখ।



