ভারতীয় ভিসা চালুর চেষ্টা চলছে : প্রণয় ভার্মা

সংগৃহীত ছবি
বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় পর্যটন (ট্যুরিস্ট) ভিসা ফের চালুর চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানালেন ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।
প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানিয়েছেন।
কবে নাগাদ চালু হবে- এমন প্রশ্নে প্রণয় ভার্মার জবাব, ‘যখন ভিসা চালু হবে, তখনই জানা যাবে।’
প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টার সঙ্গে আলোচনার বিষয়ে তিনি বললেন, ‘ভারত বাংলাদেশের ক্রসবর্ডার পাওয়ার ও ক্রসবর্ডার এনার্জি কানেক্টিভিটি নিয়ে আলোচনা হয়েছে। কীভাবে এটিকে আরও শক্তিশালী করা যায়, তা নিয়ে আমরা আলোচনা করেছি।’
‘বাংলাদেশে চলমান প্রকল্পগুলো এবং ভবিষ্যতে সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্র নিয়েও আলোচনা হয়েছে। কীভাবে আরও ঘনিষ্ঠ সংযোগ গড়ে তোলা যায় এবং অর্থনৈতিক ও জ্বালানি সম্পর্ককে আরও গভীর করা যায়, সে বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এসব সংযোগ শুধু বর্তমান নয়, দীর্ঘমেয়াদেও দুদেশের অর্থনীতির মধ্যে আরও ভালো সংযোগ গড়ে তুলতে পারে।’- যোগ করলেন ভারতীয় হাই কমিশনার।

