ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী হতে পারেন নতুন অ্যাটর্নি জেনারেল

অ্যাটর্নি জেনারেল
সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরীকে দেশের নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হতে পারেন।
বর্ণাঢ্য ক্যারিয়ার ও পারিবারিক ঐতিহ্যের অধিকারী এই মেধাবী আইনজীবীর নিয়োগের সংবাদটি আইন অঙ্গনে এখন প্রধান আলোচনার বিষয়। ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরীর পিতা মরহুম আব্দুর রউফ চৌধুরী ছিলেন একজন বিশিষ্ট ভাষাসৈনিক এবং মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক।
বাবার আদর্শে বেড়ে ওঠা রাগিব রউফ চৌধুরী কুষ্টিয়া জিলা স্কুল থেকে এসএসসি এবং ঢাকার নটর ডেম কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। এরপর ভারতের ঐতিহ্যবাহী আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি।
উচ্চশিক্ষার জন্য তিনি পাড়ি জমান যুক্তরাজ্যে, যেখানে দুটি বিশ্ববিদ্যালয় থেকে আইনের ওপর ডিগ্রি অর্জনের পর লন্ডনের মর্যাদাপূর্ণ 'লিংকনস ইন' থেকে বার-অ্যাট-ল সম্পন্ন করেছেন।



