সিএসির সভায় বক্তারা
শ্রমিক অধিকার ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গড়ার আহ্বান

শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত এবং দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীতে আয়োজিত এক আলোচনা সভায় এ আহ্বান জানানো হয়।
শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি অডিটোরিয়ামে এ সভার আয়োজন করে সিটিজেনস এগেইনস্ট করাপশন (সিএসি)। অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল ‘শ্রমিকের অধিকার, দুর্নীতির অবসান সমৃদ্ধ আগামীর স্বচ্ছ অভিযান’।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান ইউসুফ হোসেন। সঞ্চালনা করেন জেনারেল সেক্রেটারি সালমান মাহমুদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সচিব ও বিটিআরসি’র সাবেক চেয়ারম্যান মার্গুব মোর্শেদ।
ইউসুফ হোসেন উল্লেখ করেন, শ্রমিকরা দেশের অর্থনীতির চালিকাশক্তি হলেও এখনো অনেক ক্ষেত্রে তারা ন্যায্য মজুরি, কর্মস্থলের নিরাপত্তা এবং সামাজিক মর্যাদা থেকে বঞ্চিত। শ্রমিকবান্ধব নীতি প্রণয়ন ও বাস্তবায়নের মাধ্যমে এই বৈষম্য দূর করতে হবে বলে তিনি মত দেন।
তিনি আরও তুলে ধরেন, গার্মেন্টস, নির্মাণ, পরিবহন ও শিল্পখাতসহ সব খাতের শ্রমিকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ, ন্যায্য বেতন, চিকিৎসাসেবা এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।
প্রধান অতিথি মার্গুব মোর্শেদ মন্তব্য করেন, দুর্নীতিমুক্ত প্রশাসন এবং শ্রমিকবান্ধব নীতি ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। রাষ্ট্র, মালিক ও শ্রমিকের মধ্যে জবাবদিহিতা ও সমন্বয় প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সালমান মাহমুদ বলেন, অনিয়ম ও দুর্নীতি দূর করে দেশকে শ্রমিকবান্ধব, ব্যবসাবান্ধব ও নিরাপদ রাষ্ট্রে পরিণত করার লক্ষ্য নিয়ে কাজ করছে সংগঠনটি। তিনি জানান, এ লক্ষ্য বাস্তবায়নে ইতোমধ্যে কার্যক্রম শুরু হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ড. মোস্তাফিজুর রহমান, শিল্পপতি ও চলচ্চিত্র ব্যক্তিত্ব খোরশেদ আলম খসরু, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন, রাজনৈতিক ব্যক্তিত্ব হাবিবুর রহমান রিজু, কবি আশরাফুল ইসলাম এবং সংগঠনের সহসভাপতি শাখাওয়াত হোসেনসহ অন্যরা।



