ঢাকার যেসব এলাকায় আজ বেশি বায়ুদূষণ

প্রতীকী ছবি
বরাবরের মতোই আজও ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে রাজধানী ঢাকার বাতাস। ১৬৩ একিউআই স্কোর নিয়ে বিশ্বের ১২৩টি শহরের তালিকায় সপ্তম স্থানে উঠে এসেছে ঢাকা। বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে সুইজারল্যান্ডভিত্তিক বাতাসের মান পর্যবেক্ষণকারী সংস্থা এইকিইএয়ারের সূচক থেকে জানা গেছে এ তথ্য।
এদিন ঢাকার সবচেয়ে দূষিত বাতাস বিরাজ করছে পুরান ঢাকার বেচারাম দেউড়ি (১৮৪) এলাকায়। দূষণের তালিকায় এর পরেই রয়েছে যথাক্রমে মিরপুরের সাগুফতা (১৭২), মাদানি সরণির বেজ এজওয়াটার (১৭০), দক্ষিণ পল্লবী (১৬৭), বারিধারা লেক পার্ক (১৫৮), বারিধারা লেকসাইড (১৫৭), উত্তর বাড্ডা (১৫৭), গুলশানের গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল (১৫৬) এবং গুলশান লেক পার্ক (১৫৬)। প্রতিটি এলাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
ঢাকার বায়ুদূষণের প্রধান উপাদান হলো— বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.৫-এর উপস্থিতি। আজ সকালে ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণার পরিমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) মানদণ্ডের চেয়ে বেশি রয়েছে ১৪ গুণেরও বেশি।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।



