মেজাজ হারিয়ে বিআরটিএ চেয়ারম্যান
‘ক্যামেরা বন্ধ করেন ভাই, আমরা নেগোশিয়েট করতেছি’

বিআরটিএ অফিস থেকে সরে যাওয়ার নির্দেশ দিচ্ছেন চেয়ারম্যান তারিকুল ওমর। ছবি: ভিডিও থেকে নেওয়া
সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মেজাজ হারালেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর।
জ্বালানি দাম বাড়ানোর পর বাসের ভাড়া পুনর্নির্ধারণে পরিবহন মালিকদের সঙ্গে বৈঠকে বসে বিআরটিএ। ওই বৈঠক চলাকালে সাংবাদিকদের সঙ্গে উত্তপ্ত আচরণ করেন বিআরটিএ চেয়ারম্যান।
গতকাল রবিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে রাজধানীর বনানীতে বিআরটিএ সদরদপ্তরে শুরু হয় বৈঠক। এ সময় একাধিকবার অফিস সহকারীর মাধ্যমে সাংবাদিকদের সরে যেতে বলা হয় বিআরটিএ অফিস থেকে। সাংবাদিকরা না সরায় নিজেই বাইরে বেরিয়ে আসেন চেয়ারম্যান। সাংবাদিকদের সরে যেতে বলা হয় মিটিং এলাকা থেকে এমন নির্দেশ দেন তারিকুল ওমর।
সাংবাদিকদের উদ্দেশে বিআরটিএ চেয়ারম্যান বলছিলেন, ‘এখানে যদি আপনারা দাঁড়ান, আমরা কথা বলতে পারব না। এখান থেকে বের হন। আপনারা দেখতেছেন না? সন্ধ্যা থেকে বসে এখানে কাজ করতেছি।’
এ সময় যমুনা টেলিভিশন চ্যানেলের লাইভ সম্প্রচার চলছিল। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে চেয়ারম্যান বললেন, ‘অতিরিক্ত সাংবাদিকতা করা হচ্ছে, এখানে অতিরিক্ত সাংবাদিকতা করা ঠিক না। ক্যামেরা বন্ধ করেন না ভাই, লাইভ কেনো করতাছেন ভাই? একজন অফিসারের প্রতি আপনারা যদি ৫০ জন ক্যামেরা ধরে থাকেন কী লাভ হইল, ধরতে পারেন। জনগণের স্বার্থে আমরা নেগোশিয়েট করতেছি, এটাকে বাধাগ্রস্ত করতেছে যমুনা নিউজ।’
এক পর্যায়ে গ্লাস ফটকের বাইরে বের দেওয়া হয় যমুনা টেলিভিশনের সাংবাদিককে। পরে অবশ্য সাংবাদিকদের কাছে দুঃখ প্রকাশ করে ক্ষমা চান বিআরটিএ চেয়ারম্যান।
বৈঠকে উপস্থিত ছিলেন—সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকসহ বাস ও ট্রাক মালিকদের বিভিন্ন সংগঠনের নেতারা।
বৈশ্বিক জ্বালানি সংকটের মধ্যে এবার দেশের ইতিহাসে জ্বালানি তেলের দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। শনিবার রাতে জ্বালানি তেলের দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার।
প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ টাকা, কেরোসিন ১৩০ টাকা, অকটেন ১৪০ টাকা ও পেট্রলের দাম ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে। যার প্রেক্ষিতেই ভাড়া বৃদ্ধি নিয়ে বিআরটিএর সঙ্গে বৈঠকে বসে বাস-ট্রাক মালিকরা।



