আগামীর সময়

শহীদ মিনারে গুলি ও ছুরিকাঘাত, হাসপাতালে যুবকের মৃত্যু

শহীদ মিনারে গুলি ও ছুরিকাঘাত, হাসপাতালে যুবকের মৃত্যু

প্রতীকী ছবি

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় দুর্বৃত্তদের গুলি ও ছুরিকাঘাতে আহত রাকিব আহমেদ (২৫) নামের এক যুবক চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা গেছেন। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

রবিবার (১৫ মার্চ) রাত সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে শাহবাগ থানা পুলিশ।

পুলিশ জানায়, রাতে বন্ধুদের সঙ্গে কেন্দ্রীয় শহীদ মিনারে আড্ডা দিচ্ছিলেন রাকিব। এ সময় ৩-৪ জন দুর্বৃত্ত তাকে শরীরের বিভিন্ন স্থানে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে এবং মাথায় গুলি করে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে তিনি মারা যান।

রাকিবের বন্ধু আলামিন জানান, তারা কয়েকজন বন্ধু মিলে শহীদ মিনারে আড্ডা দিচ্ছিলেন। এ সময় হঠাৎ ৩-৪ জন যুবক এসে রাকিবকে এলোপাথাড়ি ছুরিকাঘাত ও গুলি করে আহত করে ফেলে রেখে পালিয়ে যায়।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. মিঠু ফকির গণমাধ্যমকে বলেছেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত রাকিবকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে এবং অন্যদের শনাক্তে কাজ চলছে।’

নিহত রাকিব আহমেদ ভোলা সদর উপজেলার চৌমুহনী গ্রামের বাসিন্দা তরিকুল ইসলাম খোকনের ছেলে। তিনি বোরহান উদ্দিন কলেজের বিএ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। পাশাপাশি টিকটকসহ বিভিন্ন ভিডিও কনটেন্ট তৈরি করতেন। বর্তমানে তিনি পরিবারের সঙ্গে পুরান ঢাকার নিমতলী নাজিমউদ্দিন রোড এলাকায় বসবাস করতেন।

    শেয়ার করুন: