কুমিল্লা নামেই বিভাগ ঘোষণার দাবি ড. মোশাররফের

সংগৃহীত ছবি
কুমিল্লা নামেই কুমিল্লা বিভাগ বাস্তবায়নের দাবি জানিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সভাপতি ও কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
সোমবার (৬ এপ্রিল) সংসদ অধিবেশনে জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে কথা বলতে দাঁড়িয়ে তিনি এ দাবি জানান।
ড. মোশাররফ হোসেন তার বক্তব্যে উল্লেখ করেন, ‘শিক্ষা, সংস্কৃতি ও ভৌগোলিক অবস্থান বিবেচনায় কুমিল্লা একটি অত্যন্ত সমৃদ্ধ ও গুরুত্বপূর্ণ জেলা।’
‘বৃহত্তর কুমিল্লার মানুষ দীর্ঘ দিন ধরে কুমিল্লাকে বিভাগ হিসেবে দেখার দাবি জানিয়ে আসছে। এটি কুমিল্লাবাসীর প্রাণের দাবি’, যোগ করেন সংসদ সভাপতি।
‘পূর্ববর্তী সরকার কুমিল্লাকে বিভাগ করার পরিকল্পনা করলেও তুলে ধরেছিল একটি অগ্রহণযোগ্য ও হাস্যকর যুক্তি। তারা কুমিল্লাকে তার নিজস্ব নামে নয়, বরং অন্য নামে বিভাগ ঘোষণার সিদ্ধান্ত নিয়েছিল’, বিগত সরকারের সমালোচনা করে বলছিলেন এই জ্যেষ্ঠ রাজনীতিক।
ড. মোশাররফ বলেছেন, কুমিল্লার মানুষ দলমত নির্বিশেষে সেই সিদ্ধান্তের প্রতিবাদ জানায়, যার ফলে আর এগোয়নি বিভাগ বাস্তবায়ন।
এই বিষয়টি বাস্তবায়নে তিনি স্পিকারের মাধ্যমে সরকারের প্রতি আহ্বান জানান, ‘‘কুমিল্লার মানুষের আবেগকে সম্মান জানিয়ে এবং প্রশাসনিক বিকেন্দ্রীকরণের লক্ষ্যে অবিলম্বে ‘কুমিল্লা’ নামেই এই বিভাগটি বাস্তবায়ন করা হোক।’’



