‘ট্র্যাপে ফেলে’ দুই মাসে ১৩ ধর্ষণ, অভিযুক্ত যুবক গ্রেপ্তার

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার রাশেদুল ইসলাম রাব্বি। সংগৃহীত ছবি
ট্র্যাপে ফেলে ধর্ষণ করার অভিযোগে রাশেদুল ইসলাম রাব্বি (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সম্প্রতি যাত্রাবাড়ীর দনিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাকে। আজ বুধবার দুপুরে এ তথ্য জানিয়েছেন ডিএমপির ওয়ারী বিভাগের উপ-কমিশনার (ডিসি) মল্লিক আহসান উদ্দিন সামী।
পুলিশ জানিয়েছে, রাজধানীর মিরপুর এলাকার মেয়েদের টার্গেট করে যাত্রাবাড়ীর দনিয়া এলাকায় নিজস্ব আস্তানায় নিয়ে গিয়ে যৌন নিপীড়ন ও ভিডিও ধারণ করতেন রাশেদুল। গত দুই মাসে এ ধরনের ১৩টি ঘটনা ঘটিয়েছেন তিনি। ভুক্তভোগীদের বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে।
পুলিশ কর্মকর্তা মল্লিক আহসান উদ্দিন সামীর বলছিলেন, ‘ফেসবুকে ফেক আইডি তৈরি করে এবং মেয়ে কণ্ঠে কথা বলে কৌশলে ভুক্তভোগীদের মোবাইল ফোনের নিয়ন্ত্রণ নেন অভিযুক্ত রাব্বি। এরপর ওই ফোনে লগইন করা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ও সিম ব্যবহার করে টার্গেট করেন ভুক্তভোগীর বন্ধু তালিকায় থাকা স্কুল ও কলেজের ছাত্রীদের।’
‘নারী কণ্ঠে কথা বলে গভীর বন্ধুত্ব গড়ে তোলার পর উপহার দেওয়ার কথা বলে ভুক্তভোগীদের যাত্রাবাড়ীর গোয়ালবাড়ী মোড়ে একটি নির্মীয়মাণ ভবনে নিয়ে যেতেন তিনি। সেখানে তাদের জোর করে ধর্ষণ এবং এর দৃশ্য ধারণ করতেন মোবাইল ফোনে। পরে ওই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নিতেন রাব্বি,’ যোগ করেন তিনি।
শুরুতে একটি পর্নোগ্রাফি সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় রাশেদুলকে। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় ৫ জন ভিকটিমের মোবাইল ফোন। পরে তদন্তে নেমে আরো ১০টি নতুন অভিযোগের তথ্য পায় পুলিশ।



