নয়াপল্টনে শ্রমিক সমাবেশে যোগ দিলেন প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক

ছবি: ভিডিও থেকে নেওয়া
মহান মে দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত শ্রমিক সমাবেশে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার বিকাল সোয়া ৪টার পর সমাবেশস্থলে পৌঁছে তিনি মঞ্চে আসন গ্রহণ করেন। তার আগমনকে ঘিরে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে তিনি শ্রমিকদের কল্যাণে সরকারের পরিকল্পনা তুলে ধরবেন বলে জানা গেছে। সরকার গঠনের পর রাজধানীতে দলীয় উদ্যোগে এটিই প্রথম বড় সমাবেশ।
দুপুর আড়াইটায় পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কর্মসূচি শুরু হয়। নিরাপত্তা নিশ্চিত করতে নয়াপল্টন এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে।
সমাবেশ শুরুর আগেই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের ভিড় জমে যায়। সকাল থেকে ব্যানার-ফেস্টুন ও খণ্ড খণ্ড মিছিল নিয়ে তারা সমাবেশস্থলে আসেন। স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
সমাবেশে অংশ নেওয়া নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, ফ্যাসিবাদ বিদায়ের পর শ্রমিকদের অধিকার বাস্তবায়নে সরকার আন্তরিকভাবে কাজ করবে।




