ক্রীড়ামন্ত্রীর ঘোষণা
কৃষক, ক্রীড়া ও যুব উন্নয়নে একাধিক নতুন উদ্যোগ

ছবি: আগামীর সময়
কৃষকদের আর্থিক সুরক্ষা, খেলাধুলার প্রসার এবং যুব সমাজের দক্ষতা উন্নয়নে একাধিক নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, ‘কৃষকদের ন্যায্য সুবিধা নিশ্চিতে ‘কৃষক কার্ড’ চালু এবং প্রায় ৭ লাখ কৃষকের মওকুফ করা হয়েছে ঋণ।’
এক বক্তব্যে প্রতিমন্ত্রী বলেছেন, ‘কৃষকদের সহজ শর্তে ঋণপ্রাপ্তি নিশ্চিত করা এবং তাদের মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে সরকার কাজ করছে। পাশাপাশি বিভিন্ন ধর্মের উপাসনালয়ের প্রধানদের জন্য সম্মানী ভাতা চালুর বিষয়টিও তুলে ধরা হয়।’
ক্রীড়া খাত নিয়ে তিনি বলেছেন, ‘বর্তমানে ৩০০ জন জাতীয় খেলোয়াড়কে ক্রীড়াভাতা দেওয়া হচ্ছে, যা পর্যায়ক্রমে ৫০০ জনে উন্নীত করা হবে। তৃণমূল পর্যায় থেকে খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে আগামী ২ মে দেশের ৬৪টি জেলায় একযোগে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কার্যক্রমের উদ্বোধন হবে।’
আজ বুধবার রাজধানীর শ্যামলীতে অবস্থিত এসওএস চিলড্রেনস ভিলেজেস বাংলাদেশ ‘জাগরণ’ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেছেন।
শিশু-কিশোরদের ডিভাইস আসক্তি ও মাদকের ঝুঁকি থেকে দূরে রাখতে আগামী শিক্ষাবর্ষ থেকে চতুর্থ শ্রেণি থেকে আট ধরনের খেলাধুলাকে জাতীয় শিক্ষাক্রমে বাধ্যতামূলক করা হচ্ছে বলে জানান প্রতিমন্ত্রী।
যুব উন্নয়ন নিয়ে বক্তব্যে আমিনুল হক জানান, এসওএস ও কেয়ার বাংলাদেশের সঙ্গে যৌথ উদ্যোগে ১২ হাজার যুবকের স্কিল ডেভেলপমেন্ট ও ক্ষমতায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে সারা দেশের ৬৪ জেলায় প্রায় ৭ লাখ যুবক-যুবতীকে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
নতুন কর্মসংস্থানমুখী প্রকল্প হিসেবে কেয়ারগিভার প্রশিক্ষণ ও মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণের কথাও উল্লেখ করেন প্রতিমন্ত্রী।
বিদেশে কর্মসংস্থান বৃদ্ধি এবং রেমিট্যান্স প্রবাহ জোরদারে আগামী শিক্ষাবর্ষ থেকে জাতীয় শিক্ষাক্রমে তৃতীয় একটি ভাষা— যেমন চাইনিজ, জাপানিজ, অ্যারাবিক, ফ্রেঞ্চ বা স্প্যানিশ— শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।
প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, এসব উদ্যোগের মাধ্যমে যুব সমাজ আরও দক্ষ, স্বাবলম্বী ও কর্মসংস্থানমুখী হয়ে দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে।



