গুম ও মানবাধিকার অধ্যাদেশ সংসদে বিল আকারে আসবে : স্বরাষ্ট্রমন্ত্রী

ফাইল ছবি
গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ এবং জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ অধিকতর যাচাই-বাছাই শেষে জাতীয় সংসদে বিল আকারে পেশ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
তিনি উল্লেখ করেন, পূর্বের অধ্যাদেশে সংজ্ঞাগত কিছু জটিলতা ছিল, যা গুমের প্রকৃত নির্দেশদাতা শনাক্ত করা কঠিন করে তোলে।
রবিবার (৫ এপ্রিল) দুপুরে বেইলি রোডের সরকারি বাংলোতে বাংলাদেশে নিযুক্ত ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফান লিলার নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেছেন।
বৈঠকে আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশ সংস্কার, স্বাধীন পুলিশ কমিশন, গুম ও মানবাধিকার অধ্যাদেশ এবং রোহিঙ্গা ইস্যুসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
গুম প্রতিরোধ অধ্যাদেশ নিয়ে আবাসিক প্রতিনিধির প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করেন, পূর্বের অধ্যাদেশটির দু-একটি সংজ্ঞা এমনভাবে দেওয়া হয়েছিল যাতে গুমের প্রকৃত নির্দেশদাতা শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।
এ সময় মন্ত্রী নিজের গুমকালীন অভিজ্ঞতার কথা স্মরণ করেন। তিনি জানালেন, প্রয়োজনীয় সংশোধন এনে এটি সংসদে বিল আকারে তোলা হবে। একইভাবে মানবাধিকার কমিশন অধ্যাদেশের সঙ্গে স্বাধীন পুলিশ কমিশন গঠনের নিবিড় সম্পর্ক থাকায় সেটিও যাচাই-বাছাই করে পেশ করা হবে।
পুলিশ সংস্কার প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ দাবি করেন, সরকার পুলিশের পুনর্গঠন, সংস্কার ও সক্ষমতা বৃদ্ধিতে কাজ করছে। তবে এটি রাতারাতি সম্ভব নয়, সরকার পর্যায়ক্রমিক উন্নয়নে বিশ্বাসী।
এ কাজে তিনি ইউএনডিপির কারিগরি ও প্রয়োজনীয় সহযোগিতা কামনা করেন। ইউএনডিপি প্রতিনিধি স্টিফান লিলার এ বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন এবং জাতীয় মানবাধিকার কমিশন গঠনে তাদের অবদানের কথা উল্লেখ করেন।
এর আগে, গত ২ এপ্রিল স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে শুরু হওয়া সংসদ অধিবেশনে অধ্যাদেশ যাচাই-বাছাইয়ের প্রতিবেদন উত্থাপন করেন বিশেষ কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. জয়নুল আবেদীন।
প্রতিবেদনে অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ১৬টি নির্ধারিত সময়ের মধ্যে সংসদে উত্থাপিত হচ্ছে না বলে জানানো হয়। ফলে সংবিধানের নির্দেশনা অনুযায়ী গুম প্রতিরোধ, মানবাধিকার কমিশন ও দুর্নীতি দমন কমিশনসহ গুরুত্বপূর্ণ এসব অধ্যাদেশ স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাচ্ছে। ১০ এপ্রিলের পর এগুলো কার্যকারিতা হারাবে।



