ঢাকার লোকাল বাসে নেই বাড়তি ভাড়ার চাপ

সংগৃহীত ছবি
সদ্য বেড়েছে বাসের ভাড়া। কার্যকরের ২য় দিন শুক্রবার। কিলোমিটার প্রতি ১১ পয়সা বাড়লেও খুব একটা বাড়েনি রাজধানীর লোকাল বাসের ভাড়ার চিত্র।
সরেজমিনে দেখা গেছে, অধিকাংশ রুটে ভাড়া বেড়েছে বেশ সামান্যই। এমনকি বাড়তি ভাড়া এখনও নিচ্ছেন না অধিকাংশ বাসচালক ও হেল্পাররা। তাই কাগজে-কলমে বাস ভাড়া বাড়লেও, যাত্রীদের মধ্যে নেই তীব্র প্রতিক্রিয়া বা অসন্তোষ।
লোকাল বাসে ফার্মগেট থেকে মিরপুরে প্রায়ই যাতায়াত করছেন জুনায়েদ আহমেদ। আগামীর সময়কে বলছিলেন তিনি, ‘বাসের ভাড়া আগের চেয়ে খুব একটা বেশি বাড়েনি। তেলের দাম বাড়লেও ভাড়া বেড়েছে সেই তুলনায় কম। আগে মিরপুর যেতাম ২০ টাকায়, এখনও ২০ টাকার বেশি চাইছে না। কয়দিন পর থেকে হয়তো বাড়তে পারে।’
এদিকে বাসের হেল্পার মোস্তাকিম বলেছেন, ‘হাসিনার আমলে ডিজেলের দাম ১১৪ টাকা হইসিলো। তহন একটা দাম ঠিক কইরা দিসিলো। পরে ১১৪ থিকা দাম কইমা ১০০ টাকায় আইছে, কিন্তু ভাড়া তো আর কমে নাই। ভাড়া আগেরটাই রাখসি। তার জন্যে এখন ভাড়া বাড়াই নাই। যা আছে সেইটাই নেই। মাঝখান থিকা আমাগো তেল নিতে কষ্ট হয়।’
সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী গত ২৩ এপ্রিল বাসের ভাড়া প্রতি কিলোমিটারে বেড়েছে ১১ পয়সা, যার মূল কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে জ্বালানি তেলের দাম বৃদ্ধি, যানবাহনের রক্ষণাবেক্ষণ খরচ বৃদ্ধি এবং পরিচালনা ব্যয়ের সমন্বয়। এর আগে ২০২২ সালে জ্বালানি তেলের ব্যাপক মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে ভাড়া প্রতি কিলোমিটারে সবচেয়ে বেশি অর্থাৎ ৩৫ পয়সা পর্যন্ত বাড়ানো হয়েছিল।
বিআরটিএ এবং পরিবহন মালিক সমিতির সমন্বয়ে নির্ধারিত এই নতুন ভাড়া কার্যকরের পর, এখন পর্যন্ত পাওয়া যায়নি বড় কোনো অভিযোগ।



