নারায়ণগঞ্জে র্যাবের ওপর হামলা, জড়িতদের ধরতে ব্যাপক অভিযান

সংগৃহীত ছবি
নারায়ণগঞ্জে সাদা পোশাকে থাকা র্যাবের গোয়েন্দা দলের তিন সদস্যকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার দুপুর দেড়টার দিকে ঘটনাটি ঘটে শহরের দেওভোগের লিচুবাগ এলাকায়।
এদিন বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব সদর দপ্তরের আইন ও গণমাধ্যম শাখার উপপরিচালক (ডিডি) মেজর লুৎফুর রহমান হাদী।
তিনি জানান, নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন মাসদাইর (বোয়ালিয়াখাল) এলাকায় মাদক ব্যবসায়ী ও মাদক স্পট সংক্রান্ত গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য সংগ্রহের সময় এক অনাকাঙ্ক্ষিত হামলার ঘটনা ঘটেছে। দায়িত্ব পালনরত অবস্থায় র্যাবের একটি গোয়েন্দা দলের ওপর চিহ্নিত মাদক ব্যবসায়ীরা অতর্কিত ও সংঘবদ্ধভাবে আক্রমণ চালায়।
মেজর হাদী আরও জানান, এই হামলায় আঘাতপ্রাপ্ত হয়েছেন তিনজন র্যাব সদস্য। আহত সদস্যদের দ্রুত উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে হাসপাতালে। তারা বর্তমানে পর্যবেক্ষণে রয়েছেন। মাদক নির্মূলের এই মহৎ লড়াইয়ে র্যাব সদস্যদের এমন ত্যাগ র্যাবের মনোবলকে আরও দৃঢ় করেছে।
র্যাব স্পষ্ট করে জানাচ্ছে, আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা চালিয়ে কোনো অপরাধী পার পাবে না। এই ঘটনার মূল হোতাসহ প্রত্যেক অপরাধীকে আইনের আওতায় আনতে এলাকায় বর্তমানে ব্যাপক অভিযান চলমান রয়েছে। মাদকমুক্ত সমাজ গড়তে র্যাবের এই কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে ঘোষণা দিয়েছে এলিট ফোর্স র্যাব।



