বিশ্বের দ্বিতীয়, ঢাকার যেসব এলাকায় আজ বেশি দূষণ

সংগৃহীত ছবি
বায়ুদূষণে বিশ্বের ১২২টি শহরের তালিকায় আজ দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। এয়ার কোয়ালিটি ইনডেক্সে ২২৩ স্কোর নিয়ে শহরটির বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বাতাসের মান পর্যবেক্ষণকারী সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ারের সূচক থেকে এ তথ্য জানা গেছে।
আজ দূষণের তালিকায় শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। দ্বিতীয় স্থানে ঢাকা ও তৃতীয় ভারতের কলকাতা। তিনটি শহরের বাতাসের মানই ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। আজ চীনের বেইজিং, ভারতের দিল্লি ও নেপালের কাঠমান্ডুতে বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
ঢাকার বায়ুদূষণের প্রধান উপাদান হলো—বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.৫-এর উপস্থিতি। আজ সকালে ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণার পরিমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানদণ্ডের চেয়ে প্রায় ৩২ গুণ বেশি রয়েছে।
আজ ঢাকার সবচেয়ে দূষিত বাতাস বিরাজ করছে মাদানি সরণির বেজ এজওয়াটার ভবন (২৯২) এলাকায়। তালিকায় এর পরেই রয়েছে সাগুফতা (২৭৮), গুলশান লেক পার্ক (২৫৪), বারিধারা পার্ক রোড (২৪৯), দক্ষিণ পল্লবী (২৪৫), গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল (২২৩), উত্তর বাড্ডা (২২১) ও বেচারাম দেউড়ি (২১২)। এসব এলাকায় বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

