আগামীর সময়

জিয়ার স্বাধীনতার ঘোষণা বিভ্রান্ত জাতিকে ঐক্যবদ্ধ করেছিল: রাষ্ট্রপতি

জিয়ার স্বাধীনতার ঘোষণা বিভ্রান্ত জাতিকে ঐক্যবদ্ধ করেছিল: রাষ্ট্রপতি

সংগৃহীত ছবি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা-বিভ্রান্ত ও দ্বিধাগ্রস্ত পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে, অসম সাহসী করে তোলে, সশস্ত্র যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে ও প্রাণ উৎসর্গ করতে উজ্জীবিত করে।

আগামীকাল বুধবার ‘গণহত্যা দিবস’ উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে আজ মঙ্গলবার (২৪ মার্চ) রাষ্ট্রপতি এসব কথা বলেছেন।

গণহত্যা দিবসের বর্ণনা দিয়ে রাষ্ট্রপতি বাণীতে বলছিলেন, ২৫ মার্চ আমাদের জাতীয় জীবনে সবচেয়ে নৃশংস ও বেদনাবিধুর অধ্যায়। এই গণহত্যায় পুরো জাতি বাকরুদ্ধ ও স্তব্ধ হয়ে পড়ে।

‘এসময় ২৫ মার্চের দিবাগত রাতে চট্টগ্রামের ইস্ট বেঙ্গল রেজিমেন্টে গণহত্যার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে বিদ্রোহ ও সশস্ত্র প্রতিরোধ এবং এর অব্যবহিত পর কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তদানীন্তন মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা-বিভ্রান্ত ও দ্বিধাগ্রস্ত পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে, অসীম সাহসী করে তোলে, সশস্ত্র যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে ও প্রাণ উৎসর্গ করতে উজ্জীবিত করে’, জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক উল্লেখ করেন তিনি।

‘শুরু হয়ে যায় সশস্ত্র প্রতিরোধ ও রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ। দীর্ঘ ৯ মাস পর লাখ-লাখ প্রাণের বিনিময়ে অর্জিত হয় গৌরবময় বিজয়’, যোগ করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

রাষ্ট্রপতি বাণীতে অপারেশন সার্চলাইটের কথা স্মরণ করেন, ‘‘আজ ভয়াল ২৫ মার্চ, গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই দিনের কালরাতে পাকিস্তানি দখলদার বাহিনী ‘অপারেশন সার্চলাইট’ অভিযানের নামে নিরস্ত্র ও ঘুমন্ত মুক্তিকামী দেশবাসীর ওপর নির্বিচারে হত্যাযজ্ঞ চালায়। মধ্যরাতে রাজারবাগ পুলিশ লাইনস ও তৎকালীন ইপিআর-এর অসংখ্য সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন স্থানে ছাত্র-শিক্ষক, বুদ্ধিজীবী, শ্রমিক, অগণিত নিরপরাধ মানুষ গণহত্যার নির্মম শিকার হন।’’

রাষ্ট্রপতি বলেছেন, তরুণ প্রজন্মকে ইতিহাসের এই নিষ্ঠুর বর্বরতা, অন্যদিকে জাতি হিসেবে আমাদের গৌরবগাঁথা ও বীরত্ব সম্পর্কে স্পষ্টভাবে জানতে হবে। হতে হবে অনুপ্রাণিত। তিনি ২৫ মার্চসহ দেশমাতৃকার সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করেন।

    শেয়ার করুন: