পূর্বশত্রুতার জেরে যুবক খুন

প্রতীকী ছবি
রাজধানীতে পূর্বশক্রতার জেরে আসাদুল হক ওরফে লম্বু আসাদুল (২৮) নামে এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
ঘটনাটি ঘটেছে বুধবার রাত ১টার দিকে মোহাম্মদপুরের বেড়িবাঁধ তিনরাস্তা এলাকায়।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহতের বাড়ি বরিশালের গৌরনদীর কালনায় ও বাবার নাম জলিল সর্দার। তিনি মোহাম্মদপুরের মেট্রো হাউজিং বি ব্লকের ৪ নাম্বার রোডের রামগঞ্জ ভিলায় আরিফের বাড়িতে বসবাস করতেন।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন জানান, পূর্বশক্রতার জের ধরে প্রতিপক্ষরা আসাদুলকে ছুরিকাঘাত করে পালিয়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তিনি বলেছেন, রাতে তিনরাস্তা থেকে হাজারীবাগ যাচ্ছিলেন আসাদুল। এ সময় সাদেক খানের ইটখোলা এলাকায় একা পেয়ে দুর্বৃত্তরা তার বুকে ও পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আসাদুলকে মৃত অবস্থায় উদ্ধার করে হাসপাতাল নিয়ে যায় পুলিশ।
সোহরাওয়ার্দী হাসপাতালের চিকিৎসকরা নিশ্চিত করেছেন, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপতালে নেওয়ার আগেই মৃত্যু হয় আসাদুলের।
ওসি জানান, এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। দুর্বৃত্তদের গ্রেপ্তার করতে অভিযান চালাচ্ছে পুলিশ।
তবে কী নিয়ে শত্রুতা সে বিষয়ে কিছু জানাননি তিনি।



