মোহাম্মদপুরে ছিনতাইয়ের শিকার দুদক মহাপরিচালক, গ্রেপ্তার ২

সংগৃহীত ছবি
রাজধানীর মোহাম্মদপুরে হাঁটতে বেরিয়ে ছিনতাইয়ের শিকার হয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক মোতাহার হোসেন। শনিবার রাত সাড়ে ১০টার দিকে রেসিডেনসিয়াল মডেল কলেজের পেছনে তিন ছিনতাইকারী তাঁর দুটি আইফোন, মানিব্যাগ ও ঘড়ি ছিনিয়ে নিয়ে যায়। এ সময় আইফোনের পাসওয়ার্ডের জন্য সামুরাইয়ের উল্টো দিক দিয়ে আঘাত করে এবং বাম চোখে ঘুসি মেরে জখমও করা হয়েছে তাকে।
এদিনে এ ঘটনায় মোহাম্মদপুর থানায় মামলা দায়েরের পর ছিনতাই হওয়া দুটি আইফোন উদ্ধারসহ দুইজনকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে পুলিশ। ছিনতাইয়ের পরদিন রোববার রাতে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান পুলিশের মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার আব্দুল্লাহ আল মামুন। গ্রেপ্তাররা হলেন— শাহজাদা ও রুবেল ওরফে বক্সার।
মামলাটি দায়ের করেছিলেন তাঁর স্টাফ অফিসার (দুদকের ডিএডি) জাবেদ হোসেন সজল। এজাহারে অভিযোগ করা হয়, অজ্ঞাতনামা তিন ব্যক্তি চাপাতি ও সামুরাই নিয়ে তার কাছে এসে ভয় দেখিয়ে একটি আইফোন ১২ প্রো ম্যাক্স, ২০ হাজার টাকা ভর্তি মানিব্যাগ ও হাতঘড়ি ছিনিয়ে নিয়ে যায়।
ঘটনার বর্ণনা দিয়ে মামলায় বলা হয়, এরপর তারা আইফোনের পাসওয়ার্ড জানতে চেয়ে মোতাহার হোসেনকে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেয় এবং মারধর করে। পাসওয়ার্ড বলার পর তারা অটোরিকশায় করে পালিয়ে যায়।
মামলায় বলা হয়, ছিনতাই হওয়া মোবাইল ট্র্যাক করে আসামিদের অবস্থান শনাক্ত করে তাৎক্ষণিক বিষয়টি পুলিশকে জানালে মোহাম্মদপুর থানার টহল টিম তাজমহল রোডে গিয়ে আসামিদের আটকের চেষ্টা করলেও তারা বাইকে করে পালিয়ে যায়।
প্রশাসন ক্যাডারের কর্মকর্তা মোতাহার গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হিসেবে সংযুক্ত থাকা অবস্থায় ২০২৪ সালের ১৭ মার্চ দুদকের মহাপরিচালকের দায়িত্বে আসেন।

