আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে মার্কিন রাষ্ট্রদূত

ঐতিহাসিক উপাসনালয়গুলো পরিদর্শনের অংশ হিসেবে আন্তর্জাতিক বৌদ্ধ বিহার পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।
আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর ১২টার দিকে বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন পরিচালিত রাজধানীর মেরুল বাড্ডার এই বিহার পরিদর্শন করেন রাষ্ট্রদূত।
এ সময় ধর্মীয় স্বাধীনতার ওপর গুরুত্বারোপ করেন মার্কিন রাষ্ট্রদূত। তার কথায়, নিজের ধর্ম পালন করার অধিকার একটি স্বাধীন সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিহার পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের নেতাদের মধ্যে ফেডারেশনের সভাপতি প্রকৌশলী দিব্যেন্দুবিকাশ চৌধুরী বড়ুয়া, সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দপ্রিয়, প্রফেসর ড. সুকোমল বড়ুয়া, সম্পদ বড়ুয়া, প্রফেসর ডা. অসীম রঞ্জন বড়ুয়া, শাক্যপ্রিয় বড়ুয়া প্রমুখ।
এর আগে গতকাল বুধবার (৮ এপ্রিল) ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে যান বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। সেখানে গিয়ে মন্দির ও আশপাশের নানা ধর্মীয় স্থাপনা পরিদর্শন করেন। এরপর সার্বজনীন পূজা কমিটি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও ঢাকেশ্বরী মন্দির পরিচালনা কমিটির সঙ্গে বৈঠকে করেন মার্কিন রাষ্ট্রদূত। এসময় রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন দূতাবাসের মানবাধিকার বিষয়ক কর্মকর্তা হারমানোস্কি বার্নার্ড।
তার আগে গত ২৪ মার্চ মুক্তিযুদ্ধ জাদুঘর এবং জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে যান ঢাকায় নিযুক্ত এ মার্কিন রাষ্ট্রদূত।



