আগামীর সময়

ঢাকায় আজ ভয়াবহ বায়ুদূষণ, অনেক এলাকায় ‘দুর্যোগপূর্ণ’

ঢাকায় আজ ভয়াবহ বায়ুদূষণ, অনেক এলাকায় ‘দুর্যোগপূর্ণ’

প্রতীকী ছবি

বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ শীর্ষে উঠে এসেছে রাজধানী ঢাকা। এয়ার কোয়ালিটি ইনডেক্সে ৩১৫ স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ পর্যায়ে রয়েছে। বুধবার সকাল ৯টার দিকে বাতাসের মান পর্যবেক্ষণকারী সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ারের সূচক থেকে এ তথ্য জানা গেছে।

ঢাকার বায়ুদূষণের প্রধান উপাদান হলো—বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.৫-এর উপস্থিতি। আজ সকালে ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণার পরিমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানদণ্ডের চেয়ে প্রায় ৪৬ গুণেরও বেশি রয়েছে।

বাতাসের একিউআই স্কোর ৩০০ পার করলে বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচনা করা হয়। আজ বুধবার রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী দশটি এলাকার বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ পর্যায়ে রয়েছে।

আজ সবচেয়ে দূষিত বাতাস বিরাজ করছে মিরপুরের ইস্টার্ন হাউজিং এলাকায়। এই এলাকার বাতাসের একিউআই স্কোর বিরাজ করছে ৮৭৮। তালিকায় এর পরেই রয়েছে দক্ষিণ পল্লবী (৭৪৮), বেচারাম দেউড়ি (৬০৭), হাজারিবাগ (৫৫৭), ধানমন্ডি (৫৪১), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকায় (৫৩২), উত্তরা ১৮ নম্বর সেক্টর (৪৭৪), সাগুফতা (৪৫৯), উত্তর বাড্ডা (৩৮৯), গুলশান লেক পার্ক (৩৫১) ও মগবাজার (৩৪৮)। এলাকাগুলোতে বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ পর্যায়ে রয়েছে।

আজ বারিধারা লেক পার্ক, মাদানি সরণি, গুলশানের গ্রেস ইন্টারন্যাশনাল এলাকায় বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।












    শেয়ার করুন: